শফিকুর রহমান শান্তুনুর রচনায় নতুন একটি ধারাবাহিক নির্মাণ করছেন অভিনেতা ও নাট্যপরিচালক তৌকির আহমেদ। নাটকের নাম ‘জলপ্রপাত’। নতুন এ ধারাবাহিকটির পুরো শুটিং হয়েছে আমেরিকার বিভিন্ন লোকেশনে।
এ বছরের অক্টোবর মাসে নাটকটির শুটিং শুরু হয়। আপাতত ৪০ পর্বের কাজ শেষ হয়েছে। আমেরিকায় বসবাসরত কয়েকজন বাংলাদেশির জীবনের গল্প নিয়ে নাটকটি তৈরি হচ্ছে।
নাটকটি নিয়ে তৌকির আহমেদ বলেন, ‘শান্তুনুর রচনা এবং আমার পরিচালনায় আমেরিকায় শুটিং করা বাংলাদেশের প্রথম মেঘা ধারাবাহিক ছিল ‘ছায়াবৃতা‘। যা এটিএনবাংলায় প্রচার হচ্ছে। এরপর এ ধারাবাহিকটির কাজ শুরু করলাম। আপাতত ৪০ পর্বের কাজ শেষ করেছি, বাংলাদেশে বাকি গল্পটার শুটিং করব। এ নাটকে বাংলাদেশের শিল্পী ছাড়াও আমেরিকার কিছু থিয়েটার কর্মীও রয়েছেন। নাটকটি আশা করি সবার ভালো লাগবে।’
‘জলপ্রপাত’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তৌকির আহমেদ, তারিন, আনিসুর নহমান মিলন ,রোমানা প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এমকে/গোরা