 |
| ছবি : নাজমুল হাসান /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: জোড়াতালি দিয়ে ট্রেন চলায় জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে রেল ভবনে জয়দেবপুর-ময়মনসিংহ রুটের ১৩টি স্টেশনে সিগনালিং সিস্টেমের চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ``আমি সাড়ে ৪ মাসে ৭২টি স্টেশন পরিদর্শন করেছি। রেলস্টেশন পরিদর্শনে যাত্রীদের ক্ষোভের কথা শুনে আমার মনে হয়েছে আমি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছি না।``
যোগাযোগ ও রেলপথমন্ত্রী আরও বলেন, ``ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা যাচ্ছে না। বর্তমানে ট্রেন জোড়াতালি দিয়ে চলছে।``
রেলের সমস্যা তুলে ধরে মন্ত্রী বলেন, ``আমাদের হাতে নতুন লোকোমোটিভ নেই, কোচ নেই। স্বল্প সময়ে তো বৃহৎ সমস্যার সমাধান করা যায় না।”
আগামী বছর মার্চ থেকে কোরিয়া থেকে ১১টি, ভারত থেকে ২৬টি লোকোমোটিভ আসবে বলেও জানান তিনি।
এদিকে বেলা সাড়ে ১১টায় জয়দেবপুর-ময়মনসিংহ রুটের ১৩টি স্টেশনে আধুনিক সিগনালিং সিস্টেম অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন কোরিয়ান কোম্পানি এলএসআইএস কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানাজার জে যুঁই ওয়াং এবং বাংলাদেশ রেলওয়ের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক আমজাদ হোসেন।
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কোরিয়ান এলএসআইএস কোম্পানি সিগনালিং সিস্টেম আধুনিকায়ন করার কাজটি পায়।
গাজীপুরের জয়দেবপুর ও ময়মনসিংহের যে ১৩টি স্টেশনে আধুনিক সিগনালিং সিস্টেম হবে তা হচ্ছে- ভাওয়াল গাজীপুর, রাজেন্দ্রপুর, ইজ্জতপুর, শ্রীপুর, সাতখামার, কাওরাইদ, মশাখালি, গাফরগাঁও, ধলা, অলিনগর, ফাতেমানগর, সুতিয়াখালি এবং ময়মনসিংহ স্টেশন।
আধুনিক সিগনালিং সিস্টেমে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৬২ লাখ টাকা। চুক্তির দু`বছরের মধ্যে আধুনিক সিগনালিং সিস্টেমের কাজ শেষ হবে বলে জানান মন্ত্রী।
এদিকে রোববার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আমেনিয়ান তুসী রেলভবনে রেলপথমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ``ইরানের রাষ্ট্রদূত ৭০টি লোকোমোটিভ দেওয়ার প্রস্তাব দিতে চান।``
তিনি জানান, ইরানের রাষ্ট্রদূতকে ৪শ’ কোচের প্রস্তাব দেওয়া হয়েছে।”
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন রেল সচিব মোহম্মদ মহবুব-উর-রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো: আবু তাহের প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১২
এডিএ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর