 |
| ছবি: সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা আগামী ২২ জুলাই রোববার গণপদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করেছেন।
তবে প্রতিদিন দুই ঘণ্টা করে অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, “আল্টিমেটামের ব্যাপারে বুয়েটের সাবেক উপাচার্য এবং গত ১৬ জুলাই মন্ত্রণালয়ের বৈঠকে উপস্থিতরা আমাদের চিঠি দিয়েছেন সরকারের প্রতি সম্মান দেখিয়ে কর্মসূচি স্থগতি করার জন্য। এ কারণে আগামী ৩০ জুলাই পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।”
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, “আমরা ভিসি প্রো-ভিসির পদত্যাগের দাবি থেকে সরে আসিনি। এটাই আমাদের মূল দাবি। যেহেতু সরকার বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছে, তাই আমরা পদত্যাগের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছি।
দুপুর ১টা ৪৫ মিনিটে বুয়েট উপাচার্য ভবনের সামনে সংবাদ সম্মেলনে গণপদত্যাগ কর্মসূচি স্থগিত করার বিভিন্ন দিক তুলে ধরেন বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশরাফুল ইসলাম ও কোষাধক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান।
সংবাদ সম্মেলনে অধ্যাপক মুজিবুর রহমান জানান, গত ১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক এবং পরবর্তীতে শিক্ষক সমিতির গণপদত্যাগের ঘোষণার পরিপ্রেক্ষিতে পাঁচজন বিশিষ্ট বুয়েট অ্যালমনাই-সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মতিন পাটোয়ারী, অধ্যাপক ড. এন এইচ খান, অধ্যাপক ড. ইকবাল মাহমুদ ও বুয়েট অ্যালামনাই সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী এবং সহ-সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেনের অনুরোধে রোববারের গণপদত্যাগের কর্মসূচি স্থগিত করা হলো।
বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপাচার্য অফিসের সামনে অবস্থান ধর্মঘটসহ অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে।
আগামী ৩০ জুলাই শিক্ষকদের দাবি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য সভা আহ্বান করা হবে।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
এমএইচ/এমএন/এআই/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com