ঢাকা: শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সব রাষ্ট্রায়ত্ত কল-কারখানা ও প্রতিষ্ঠানকে আইটি নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন চারটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে বৈঠককালে বুধবার এ নির্দেশনা দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “রাষ্ট্রায়ত্ত কারখানায় উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি অপচয়রোধে কেন্দ্রীয়ভাবে মনিটরিং জোরদার করতেই এ উদ্যোগ নেয়া হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য কর্পোরেশন ও সংস্থা পর্যায়ে দ্রুত কার্যকর প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”
শিল্প প্রতিমন্ত্রী বৈঠকে বলেন, “মন্ত্রণালয়ের কাজে শতকরা ৫ থেকে ১০ ভাগ দক্ষতা বৃদ্ধি করা গেলে, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শিল্পখাতের অবদান শতকরা ০.৫ ভাগ থেকে ১ ভাগ বৃদ্ধি করা সম্ভব। এর মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি বেগবান করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ সৃষ্টি হবে।” শিল্পখাতের প্রবৃদ্ধি বাড়াতে মন্ত্রণালয় এবং এর আওতাধীন সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিদের কাজে দক্ষতা ও আন্তরিকতা বাড়ানোর নির্দেশনা দেন তিনি।
বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, বিসিআইসি’র চেয়ারম্যান গোলাম রব্বানী, বিএসএফআইসি’র চেয়ারম্যান মাহমুদউল হক ভূঁইয়া, বিএসইসি’র চেয়ারম্যান আতাউর রহমান খান, বিসিকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর মোল্লাসহ শিল্প মন্ত্রণালয় ও আওতাধীন কর্পোরেশনগুলোর ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১২
এসএমএ/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর