কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা (র্যাব) অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি নাইন এমএম পিস্তল, চারটি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি ও অস্ত্র ব্যবসার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের মৃত ফজের মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম (৩১), একই উপজেলার মানিকদিয়াড় গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোমিনুর রহমান (৩০) ও আল্লারদর্গা চামনাই গ্রামের আনিসুর রহমানের ছেলে বদিউজ্জামান লাভলু (৩৩)।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ৩ জন দীর্ঘদিন ধরে দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে অস্ত্র আমদানি করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে বলে স্বীকার করেছেন।
তাদের ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর