 |
ফেইসবুকে যারা বাংলা চলচ্চিত্র নিয়ে বিরুপ মন্তব্য করেন এবং সমালোচনা করেন তাদের ‘ফেইসবুক রাজাকার’ বলে আখ্যা দিলেন চিত্রনায়ক অনন্ত ও তার স্ত্রী নায়িকা বর্ষা।
তারা সম্প্রতি একুশে টেলিভিশনের সেলিব্রেটি টক শো ‘মিডিয়া গসিপ’ এ ধরণের মন্তব্য করেছেন। অনুষ্ঠানটির প্রযোজক ইশরাফিল শাহীন জানান, অনন্ত এ অনুষ্ঠানে বলেছেন, `এরা সবাই ফেইসবুক রাজাকার। আমি এদের নতুন খেতাব দিতে চাই। কারণ এরা নিজের দেশকে ভালোবাসে না। নিজের দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা করতে জানে না, সবসময় বাইরের দেশের দালালি করে। এদেরকে ফেইসবুক রাজাকার বলে আখ্যা দেয়া উচিত।`
অন্যদিকে চিত্রনায়িকা বর্ষা বলেন, `ফেইসবুকে অনেকে অনন্তের ছবির স্টিল দিয়ে বাজে কমেন্ট করে। কেউ কেউ অযৌক্তিক কথাও উল্লেখ করে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাইরের দেশের চলচ্চিত্রে ফাইটিং দৃশ্যে অবাস্তবতা থাকে না। এটাই তো সিনেমা। কিন্তু ওরা ওদেরকে বাহবা করলেও আমাদের চলচ্চিত্র নিয়ে বাজে মন্তব্য করেন।`
এ ছাড়া `মোস্ট ওয়েলকাম`-এর সাফল্যে এ দেশের নতুন শ্রেণীর দর্শক হলে আসা শুরু করেছেন বলে এ অনুষ্ঠানে দাবি করেন অনন্ত।
তানভীর তারেকের গ্রন্থণা ও উপস্থাপনায় ইসরাফিল শাহীনের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে রবিবার রাত ১০ টা ১০ মিনিটে একুশে টেলিভিশনে।
বাংলাদেশ সময় : ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৩
জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন