 |
ঢাকা: ব্যর্থতা ও দুর্বলতা ঢাকতে আক্রমণাত্মক বক্তব্য পরিহার করে অর্থমন্ত্রী পদত্যাগ করলে বিশ্বব্যাংক তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেন, ‘‘অভিযুক্তদের ক্ষমতাচ্যুত করে বিশ্বাসযোগ্য তদন্তের পর বিশ্বব্যাংককে নতুন করে অনুরোধ করলেও তারা সিদ্ধান্ত বদলাতে পারে বলে আমি মনে করি।’’
বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘পদ্মাসেতু নিয়ে দুর্নীতির অভিযোগ: সরকারের ভূমিকা ও জাতীয় মর্যাদা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
দেশবাসীর জন্য ক্ষতি হয়, এমন কোনো সিদ্ধান্ত না নিতে বিশ্বব্যাংকের প্রতি অনুরোধ জানান আনোয়ার। তিনি বলেন, বিশ্বব্যাংকের এ ঘটনার রেশ অনেকদিন থাকবে। এটি যে জনগণের জন্য অপমানজনক, তা সরকারই বলছে। এতে জাতির সম্মান ভূলুন্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দুদকের সমালোচনা করে এম কে আনোয়ার বলেন, দুদক এখন সরকারের পোষা বিড়ালে পরিণত হয়েছে। দুর্নীতিবাজ মন্ত্রীদের কথা দেশবাসী জানলেও দুদক তা জানে না।
সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘন্টা, জুলাই ০৪, ২০১২
এসকেএস/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর