 |
মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের আড়াইপাড়া গ্রামে টিভি মেরামত ও স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
আহতদের মাদারীপুর সদর ও রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে
স্থানীয় ডা. গোলাম মওলা বাংলানিউজকে জানান, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বাদল হাওলাদার ও হানিফ বয়াতীর মধ্যে অনেকদিন ধরেই বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে হানিফ হাওলাদারের ছেলে জামাল হাওলাদার রফু বয়াতীর টিভি মেরামত করতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ অন্তত ৩০ জন আহত হয়।
আহতদের মধ্যে জামাল, রুস্তুম হাওলাদার, জব্বার হাওলাদার, মজিবর হাওলাদার, সিরাজ বয়াতী, ধলা বয়াতীসহ ১২ জনকে রাজৈর ও রফু বয়াতী, কালামসহ ৪ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এবিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নওশের (ওসি) আলী বাংলানিউজকে জানান, পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
আহত পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর