 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: তামাকজাত পণ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণী প্রচারে তামাক কোম্পানিগুলোকে বাধ্য করতে এবং তামাক নিরোধ আইন সংস্কারে বর্তমান সরকার আন্তরিক বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম আবুল কাসেম মাস্টার এমপি।
শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে ২ দিনব্যাপী ‘তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী চাই’ শীর্ষক প্রদর্শনী ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রচার করলে ভোক্তা অধিকার সুরক্ষিত হবে উল্লেখ করে আবুল কাসেম মাস্টার বলেন, তামাকজাত পণ্যের ব্যবহারের কুফল সম্পর্কে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষামূলক প্রচারণা চালাতে হবে। এ কাজে অভিভাবক ও নারী সমাজকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।
তিনি ধূমপান ও মাদক প্রতিরোধসহ এ ধরনের সামাজিক সমস্যা মোকাবিলায় স্থানীয় ভাবে প্রতিশ্রুতিবান সমাজকর্মীদের আরো সম্পৃক্ত করার জন্য ক্যাবের মতো নাগরিক অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।
ক্যাব’র চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী।
ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস’র মিডিয়া কো-অর্ডিনেটর তাইফুর রহমান, জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের নগর সম্পাদক এম নাসিরুল হক।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল ওয়াহাব চৌধুরী, ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, ইপসা’র প্রতিনিধি নাসিম বানু শ্যামলী, বাংলাদেশ কাজী সমিতির সভাপতি কাজী ইউসুফ চৌধুরী, ক্যাব বোয়ালখালীর সভাপতি আবদুল মান্নান প্রমুখ।
মূল প্রবন্ধে ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে তামাকজাতপণ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণী প্রচারে বেশ অগ্রগতি হলেও বাংলাদেশে এ ক্ষেত্রে কোনো কার্যকর অগ্রগতি হয়নি। তাই ভোক্তা স্বার্থ লঙ্ঘিত হচ্ছে।
সেমিনারে বলা হয়, তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগের ফলে গণমাধ্যমে তামাকজাতপণ্যের বিজ্ঞাপন বর্তমানে নেই। অনেক জনগুরুত্বপূর্ণ স্থানকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। সাধারণ জনগণের মাঝে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। তারপরও ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন প্রচারণার নতুন কৌশল হিসেবে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিসহ নানা ধরনের উপঢৌকন বিতরণ করেছে।
পরে অতিথিরা তামাকজাত পণ্য ব্যবহারে কুফল সম্পর্কিত বিভিন্ন দেশের ছবির প্রদর্শনী ঘুরে দেখেন।
রোববার শেষ হচ্ছে প্রদর্শনী ও সেমিনার। সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রামের বিশিষ্ট কবিয়াল ইউসুফ ও তার দলের অংশগ্রহণে কবিগান দিয়ে শুরু হবে শেষ দিনের অনুষ্ঠানমালা। বিকেলে সমাপনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস’র মিডিয়া কো-অর্ডিনেটর তাইফুর রহমান। আলোচনা করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম, সংসদ সদস্য হাসিনা মান্নান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০১২
এআরএম/সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর