 |
| ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
খুলনা: শিন বোনে বেশ আগে থেকেই ব্যাথাটা টের পাচ্ছিলেন সাকিব আল হাসান। শনিবার ব্যাটিংয়ের সময় ব্যাথাটা হচ্ছিলো বেশি । খেলা শেষ করে খুলনার স্থানীয় হাসপাতালে যেতে হয় এমআরআই করাতে। রিপোর্টে ‘বোন স্ট্রেস রিয়াকশন’ ধরা পড়ে। এরপরই সিদ্ধান্ত হয় খুলনার প্রথম দুটি ওয়ানডেতে তাকে খেলানো হবে না। বিশ্রামে থাকবেন বাঁহাতি এই অলরাউন্ডার।
টানা ক্রিকেট খেলার অতিরিক্ত পরিশ্রমের চাপ থেকে সিন বোনে ব্যাথা। এখন সেটা বেড়ে যাওয়ায় বিশ্রামের প্রয়োজন। সবকিছু বিবেচনা করে বিসিবি চিকিৎসক এবং ফিজিও’র পরামর্শে তাকে বিশ্রামও দেওয়া হয়েছে। সাকিব তার চোট সম্পর্কে বলছিলেন,‘অনেক দিন ধরে ব্যাথাটা হচ্ছিলো। এতদিন খুব একটা গুরুত্ব দেইনি। কিন্তু এই টেস্ট খেলার সময় ব্যাথাটা বেশি হচ্ছিলো।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে ২০৫ ( ৮৯, ২, ১৭ ও ৯৭) রান করেছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। দুই টেস্টে তার উইকেট ৬টি (প্রথম টেস্ট ২ ও দ্বিতীয় টেস্ট ৪ উইকেট)। দ্বিতীয় টেস্টে তিনি ১০০ উইকেটের মাইলফলকও পেরিয়েছেন। ২৮ টেস্টে তার উইকেট ১০২টি। দেশের পক্ষে তিনিই এখন সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক।
বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বাংলানিউজকে জানান, সোমবার ঢাকায় ফিরে যাবেন সাকিব। সেখানেই তিনি বিশ্রাম করবেন।
সাকিবের চোট সম্পর্কে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বাংলানিউজকে বলেন,‘তার এই ব্যাথা একদিনের নয়। আঘাত থেকেও এটা হয়নি। পায়ের ওপর চাপ পড়তে পড়তে ব্যাথা হয়েছে। বিশ্রামই এর চিকিৎসা।’
বাংলাদেশ দল তার সেরা খেলোয়াড়কেই পাচ্ছে না প্রথম দুই ওয়ানডেতে। তার এই ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো বিকল্পও হাতে নেই। সাকিব আশা করছেন,‘কয়েকদিন বিশ্রাম করি, ঢাকায় হয়তো খেলতে পারবো।’
অধিনায়ক মুশফিকুর রহিম ওয়ানডেতে সাকিবের অভাবটা ভালোই টের পাবেন। তারপরেও অধিনায়ক সাকিবকে ঝুঁকির মুখে ঠেলে দিতে চান না,‘সে (সাকিব) আমাদের সেরা খেলোয়াড়। তার অভাব তো থাকবেই। একই সঙ্গে আমরা চাই না তার কোন ক্ষতি হোক। ফিট থাকলে ঢাকায় সে খেলবে।’
এদিকে সাকিবের পরিবর্তে ওয়ানডে দলে কাকে নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। প্রধান নির্বাচক আকরাম খান অপেক্ষা করবেন প্র্যাকটিস ম্যাচ পর্যন্ত,‘ও (সাকিব) আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ একজন। তার না খেলাটা আমাদের জন্য লোকসান। ও যেহেতু খেলছে না স্কোয়াডে একজনকে নিতে হবে। এখনও ঠিক করিনি কাকে নিব। এ জন্য দুই দিন সময় নিয়ে চাই।’
২৭ নভেম্বর বাংলাদেশ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। পরের দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ বিসিবি একাদশের। ওই দুটো ম্যাচ দেখার পরই হয়তো নির্বাচকরা একজনকে বাছাই করবেন।
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়ানডে দুটি হবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এরপর ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে বাকি তিনটি ওয়ানডে এবং একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
এসএ