কী যে হয়
তোমাকে দেখলেই
আমার হয়ে যায়!
কী যে হয়
তা আর বলে
বোঝাবার নয়!—
পাহাড় থেকে ঝর্ণা নামে
নদী মেশে সমুদ্রে ।
যা হয় তা নিয়ে
দীর্ঘ এক উপন্যাস হয়।
বেসিন
মাছের শরীর থেকে
আঁশটে গন্ধ নিয়ে
বেসিনের শরীরে দেই ঢেলে।
সাবানের তাই অভিমান
ফেনায় ফেনায়।
বেসিন ভালোবাসে সাবানের ঘ্রাণ।
সূর্যপ্রহর
চুপ চুপ! একটু শব্দও করো না
দেয়াল শুনতে পাবে।
দোহাই তোমার, একটি কথাও আর নয়
একটু সাহসও দেখানো নয়।
ভালবাসার আদর অনাদর থাক নিজের ভেতর—
এখনও ডাকে নি ভোর, হয় নি সূর্যপ্রহর।
বাঁকা মন
এত বাঁকা কেন মন তোমার?
সারা জীবন নদীর মতো বাঁক নিতে নিতে
সোজা পথটা তুমি চিনলে না,
সহজ সরল করে কথাও বললে না।
কতজন বললো সরাসরি; ভালোবাসি, ভালোবাসি
তোমার মুখে তবুও কথাই ফুটলো না।
ভাত
চালের কণায় জল ঢুকে
ভাত হয়।
ভাতেই ক্ষুধার বিনাশ।
চালের প্রেমে জল;
— আগুন অনুঘটক।
ভাত এক বিস্ময়।
জীবন-যাপন
প্রস্তর খণ্ডের ওপর
জল পড়ছে;
শ্যাওলার ঘরবাড়ি।
ওরা এখন জীবন্ত।
ওদের মধ্যে ক্রিয়াপদ
সম্প্রীতি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১২