 |
ঢাকা: বলিউডে নাম লিখিয়েছেন তা খুব বেশিদিন হয়নি, তবে এই অল্প সময়ের মধ্যেই হার্টথ্রব সালমান খান এবং সুপারস্টার অক্ষয় কুমারের সাথে দুটি করে চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা।
সোনাক্ষি জানালেন তিনি এই দুজনের সাথেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
২৫ বছর বয়সী বলিউডের এই অভিনেত্রী অক্ষয় এর সাথে প্রভু দেবার ‘রাওডি রাথোর’ সিনেমায় অভিনয় করেন। এটিই অক্ষয় কুমারের সাথে সোনাক্ষির প্রথম কাজ। ফিল্মটি বক্স অফিস হিট হয়। পরবর্তীতে সোনাক্ষি ‘জোকার’ ফিল্মে অক্ষয়ের সাথে কাজ করেন।
সোনাক্ষি মিডিয়াকে বলেন, “আমি মনে করি যখন কোন অভিনেতা এবং অভিনেত্রী একসাথে কোন চলচ্চিত্রে কাজ করেন এবং সেটি যদি ভাল হয় তবে ওই জুটিকে দর্শক সহজেই গ্রহণ করে। অক্ষয় এবং আমার জুটি দর্শক গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন- অক্ষয় ক্যাটরিনার সাথে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। দর্শক তাদের দুজনকে পর্দায় একসাথে দেখতে পছন্দ করে। আমি মনে করি আমাকেও দর্শক অক্ষয় এর বিপরীতে পছন্দ করে। শুধুমাত্র দর্শক নয়, নির্মাতারাও আমাদের জুটিকে পছন্দ করেন।
এই জুটিকে আবার দেখা যাবে খিলাড়ি সিনেমায়। এছাড়াও মিলান লুথ্রিয়ার ‘অনস আপন আ টাইম ইন মুম্বাই-২’ তে ইমরান খানের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে।
অক্ষয় কুমার ছাড়া সালমান খানের সাথেও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সোনাক্ষি সিনহা। তিনি সালমানের সাথে ‘দাবাং’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং দাবাং-২ তেও এই জুটিকে পর্দায় দেখা যাবে। ‘দাবাং-২’ আগামী ২১শে ডিসেম্বর মুক্তি পাবে।
সালমান খান সম্পর্কে সোনাক্ষি বলেন, “আমার বয়স যখন ১৬-১৭ বছর, তখন থেকেই আমি তাকে চিনি। আমি সালমানকে অনেক বিশ্বাস করি।”
সম্প্রতি এই অভিনেত্রী অজয় দেবগনের সাথে ‘সান অফ সরদার’ ফিল্মে অভিনয় করেছেন।
সিনিয়র অভিনেতাদের সাথে অভিনয়ের প্রসঙ্গে সোনাক্ষি বলেন, “আসলে বলিউডের মত জায়গায় বয়স কোন ব্যাপার না। এখানে সবাই চিরনবীন। যখন আমি তাদের সাথে কাজ করি তখন একদমই মনে হয় না যে তারা আমার থেকে বড়।”
সূত্র: দি টাইমস অব ইন্ডিয়া
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘন্টা, নভেম্বর ২৭,২০১২
এমকে/ একেএ