 |
সংসদ ভবন থেকে: রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান পরিবহণ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত অর্থবছরে (২০১১-১২) ৬০৫ কোটি ৯৫ লাখ টাকা লোকসান করেছে।
মঙ্গলবার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে বিএনপির অনুপস্থিত সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজামের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান।
একই প্রশ্নের জবাবে মন্ত্রী বিমানের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে মন্ত্রী বিমানের লোকসানের কারণগুলো তুলে ধরেন। মন্ত্রী বলেন, “জ্বালানির মূল্য বৃদ্ধি, পুরনো উড়োজাহাজের পিছনে রক্ষণাবেক্ষন ব্যয় বৃদ্ধি, লিজ নেওয়া উড়োজাহাজের ভাড়া বৃদ্ধি, নতুন উড়োজাহাজের জন্য বোয়িং কোম্পানিকে নির্দিষ্ট অর্থ কিস্তি দেওয়া, মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতা, প্রতিযোগিতায় টিকতে ভাড়া না বাড়ানো, প্রভৃতি বিমানের আর্থিক সংকটের কারণ।”
বিএনপির আরেক সদস্য নাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানীর হোটেল সোনারগাঁও গত বছর ৩৬ কোটি ৬৪ লাখ টাকা এবং রূপসী বাংলা ২২ কোটি ৫০ লাখ টাকা নিট লাভ করেছে।
আওয়ামী লীগের বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী জানান, বর্তমানে বিমান বহরে আটটি উড়োজাহাজ রয়েছে। এছাড়া চারটি উড়োজাহাজ গ্রাউন্ডেড অবস্থায় ডি-রেজিস্ট্রেশনের অপেক্ষায় রয়েছে।
তিনি আরো জানান, অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনার জন্য ছোট আকারের উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৩
এসএইচ/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর