 |
| ছবি: রুবেল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা কেন্দ্রীয় কারা ফটক থেকে: দিনভর নানামুখী নাটকীয়তা শেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন দুই এমপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। প্রথমে বেরিয়ে আসেন এমকে আনোয়ার। তারপর ব্যারিস্টার খোকন বেরিয়ে আসেন। উপস্থিত নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নানা স্লোগানে কারা ফটক এলাকা মুখরিত করে তোলেন সমবেত নেতা-কর্মীরা।
এদিকে বিএনপি নেতা-কর্মীরা সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে করতে অস্থির হয়ে ওঠেন। এক পর্যায়ে কারারক্ষীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্তি হয়। নিজেদের মধ্যেও ধাক্কাধাক্কি ও ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন তারা।
এম কে আনোয়ারের নির্বাচনী এলাকা কুমিল্লার হোমনা, তিতাস, কুমিল্লা জেলা উত্তর থেকে আসা দু’শতাধিক নেতা-কর্মী সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করে ছড়িয়ে নানা দিকে ছিটিয়ে পড়েন। ৫টার পর আবার কারাফটকে ভিড় জমান তারা।
এ সময় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক খন্দকার মালেক নেতা-কর্মীদের শান্ত থাকার আহবান জানান।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ২৮, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর