 |
ঢাকা: ছেলেদের পাশাপশি মেয়েদেরকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও চাকরির ক্ষেত্রে মেয়েদের জন্য আলাদা সংরক্ষিত আসন বরাদ্দ রাখা হয়। তবে ছেলেদের জন্য সংরক্ষিত আসন! শোনতে অন্যরকম লাগলেও এমন প্রস্তাবই করেছেন নয়াদিল্লির একটি কলেজ অধ্যক্ষ। খবর আনন্দবাজার।
দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের অধ্যক্ষ ভলসন থাম্পু তার কলেজে ছেলেদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্তের কথা কলেজের শিক্ষক-শিক্ষিকাদের একটি বৈঠকেও তিনি তুলে ধরেন। কিন্তু শিক্ষক-শিক্ষিকাদের আপত্তিতে তা আর সম্ভব হয়নি। তবে এই নিয়ে ভাবনাচিন্তার পথ খোলা রয়েছে বলেও জানান তিনি।
১৯৭৫ সালে এই কলেজ কো-এডুকেশন কলেজে পরিণত হয়। এর আগে শুধুমাত্র ছেলেরাই পড়তে পারত কলেজটিতে। কিন্তু গত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে, কলেজে ভর্তির মেধা তালিকায় ছেলেদের থেকে অনেক এগিয়ে রয়েছে মেয়েরা। আর সেই সংখ্যা বাড়তে বাড়তে বর্তমানে ওই কলেজের ৬৪ শতাংশ শিক্ষার্থীই মেয়ে। আর এই ঘটনায় চিন্তায় পড়েন থাম্পুর।
শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বৈঠকে তিনি জানান, শুধুমাত্র মেয়েদের জন্যই শহরে অনেক কলেজ রয়েছে। সেই সঙ্গে আছে কো-এডুকেশন কলেজও। অথচ ছেলেদের সেই সুযোগ নেই। তবে থাম্পুর এই যুক্তি মেনে নিতে পারেননি শিক্ষক-শিক্ষিকারা।
কলেজের এক শিক্ষিকা নন্দিতা নারায়ণ জানান, ছেলেদের জন্য আলাদা কলেজ তৈরির চিন্তাভাবনা করা যেতে পারে। কিন্তু তার বদলে মেধাবী ছাত্রীদের কেন বঞ্চিত করা হবে? তারা তো মেধা তালিকার ভিত্তিতেই কলেজে ভর্তি হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, মে ০৬, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর