আগরতলা (ত্রিপুরা): নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রীকে সতর্ক করার বিষয়টি জানান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আশুতোষ জিন্দাল।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ত্রিপুরার কোনো মুখ্যমন্ত্রীকে এভাবে সতর্ক করার ঘটনা এই প্রথম।
গত ১১ জানুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়। নির্বাচন ঘোষণার পর রাজনৈতিক দলের নেতাকর্মী এবং মন্ত্রীদের জন্য বেশকিছু বিধি জারি করা হয়। কিন্তু তা উপেক্ষা করে মুখ্যমন্ত্রী নিজের সরকারি অফিসে বসে এক ইলেকট্রনিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন।
আর সেটাই কাল হয়ে যায় মুখ্যমন্ত্রীর জন্য। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ ঠুকে দেয় কংগ্রেস। কংগ্রেস জানায়, নির্বাচন ঘোষণার পর এভাবে সরকারি অফিসে বসে দলীয় প্রচার বা দল সম্পর্কে কথা বার্তা বলা বেআইনি।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় মুথ্যমন্ত্রীকে সতর্ক করল নির্বাচন কমিশন। এদিকে কংগ্রেস নির্বাচনের আগে এটিকে নিজেদের নৈতিক জয় হিসেবে দেখছে।
বাংলাদেশ সময় : ১৮৪৭ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৩
টিসি/ সম্পাদনা: আমজাদ, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর