 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চাঁপাইনবাবগঞ্জ: আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকার ন্যায় বিচারের স্বার্থে জাতির জনক বঙ্গবন্ধুর নির্মম হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছে’।
তিনি বলেন, ‘পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের জন্য ’৭১-এর ঘাতকদের বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে। আগামী ২০১৩ সালের মধ্যে ঘাতকদের বিচার সম্পন্ন করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে’।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের উদ্দ্যেশ্যে তিনি বলেন, ‘সংসদে আসুন এবং আলোচনা করে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো অন্তবর্তীকালিন সরকার গঠন, শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করি। এতে দেশ ও জাতি উপকৃত হবে এবং পৃথিবীতে নজির সৃষ্টি হবে’।
আইন প্রতিমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সুষ্ঠ নির্বাচন ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হই’।
জেলা ও দায়রা জজ কবিতা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিগ্রেডিয়ার (অব.) মোহাম্মদ এনামুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, সংসদ সদস্য জিয়াউর রহমান, গণপূর্ত বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন ম-ল, মুখ্য বিচারিক হাকিম কেএম মোস্তকিনুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওদুদ, জিপি অ্যাডভোকেট আনোয়ার হোসেন ডলার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ২১ , ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর