জনপ্রিয় সংগীতশিল্পী জয় শাহরিয়ারের গান এবার দেশের গন্ডি পেরিয়ে প্রকাশিত হচ্ছে ভারতের কলকাতা থেকে।দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরের তৃতীয় সপ্তাহে কলকাতার ট্রু ইস্টার্ন মিউজিক প্রকাশ করছে জয়ের অ্যালবাম ‘একলা আমি- বেস্ট অব জয় শাহরিয়ার’।
সম্প্রতি জয় কলকাতায় এ অ্যালবামটির জন্য চুক্তি স্বাক্ষর করেন।
অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে জয় বাংলানিউজকে বলেন- “কলকাতায় বিভিন্ন এফ.এম-এ গান প্রচারের পর এই অ্যালবামের প্রস্তাব আসে। ভারতের বাঙ্গালি শ্রোতাদের কাছে আমার গান পৌছানোর ক্ষেত্রে এ অ্যালবামটি ভূমিকা রাখবে বলে মনে করি। আর দেশের গন্ডি পেরিয়ে গান প্রকাশের বিষয়টি অবশ্যই আমার জন্য ভীষন আনন্দের।”
প্রসঙ্গত, বাংলাদেশের অগ্নিবীণা থেকে প্রকাশিত জয়ের গানের অ্যালবাম ‘সত্যি বলছি’ থেকে ৪টি গান, ‘এখনি’ থেকে ৫টি এবং ‘দ্য হিট অ্যালবাম- ২’ থেকে ১টি গানের সমন্বয়ে মোট ১০টি গানের সংকলনে প্রকাশিত হচ্ছে ‘একলা আমি- বেস্ট অব জয় শাহরিয়ার’ অ্যালবাম।
ভারতে অ্যালবামটি পরিবেশনার দায়িত্বে থাকবে রাগা মিউজিক।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
এমকে