সিলেট: জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে লাঠি মিছিল করেছে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের করে কোর্ট পয়েন্ট ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। মিছিলে মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েরাও অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।
মিছিল শেষে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশকে শত্রুমুক্ত করেছিলেন। দেশকে রাজাকারমুক্ত করতে প্রয়োজনে আবারো দেশমাতৃকাকে কলঙ্কমুক্ত করার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব।”
বক্তারা বলেন, “জামায়াত-শিবিরকে এখন থেকে আর কোনো ছাড় দেওয়া হবে না। রাজপথেই তাদেরকে প্রতিরোধ করা হবে।”
এসময় কোনো অপশক্তিকে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মুক্তিযোদ্ধারা।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর