 |
| ছবি : নাজমুল হাসান /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: ঢাকার গুলশানের অভিজাত পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনের সিগনেচার রেষ্টুরেন্ট সিজনাল টেস্টে শুরু হয়েছে দু’সপ্তাহব্যাপী সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ান ফুড ফেস্টিভ্যাল।
সংশ্লিষ্ট দেশগুলির আঞ্চলিক খাবার পরিবেশনের মাধ্যমে ভিনদেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করিয়ে নিজেদের রন্ধন শিল্পকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে “ওরিয়েন্টাল এক্সপ্রেস” নামে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনস এবং দ্য ওয়েস্টিন ঢাকা যৌথভাবে এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে।
রোববার হোটেলের জেনারেল ম্যানেজার আজীম শাহ ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন।
নিজ নিজ অঞ্চলের খাবারের আসল স্বাদ দিতে ইন্দোনেশিয়া থেকে ঢাকায় উড়ে এসেছেন শেফ মোহাম্মদ নূর জুমাল, জুলকারনাইন এবং মালয়েশিয়ার নূর ইসমাইল। কম্বোডিয়া থেকে আগামী ২৭ জুন আসছেন আরেকজন শেফ। শেফরা রেস্টুরেন্টে উপস্থিত থেকে এসব খাবার প্রস্তুত করছেন এবং নিজেদের রান্নার অভিজ্ঞতা বিনিময় করছেন।
যারা এই খাবার উপভোগ করবেন, তাদের জন্য রয়েছে র্যাফেল ড্রয়ের মাধ্যমে ঢাকা-কলকাতা-ঢাকা ট্রেন টিকেট জেতার সূবর্ণ সুযোগ।
গ্রীষ্মের এই ফলফলারির মৌসুমে ওয়েস্টিন হোটেলের লেভেল-২ এ প্রতিদিন রাতে ব্যুফে ডিনারের এই বিশেষ আয়োজন চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। সংশ্লিষ্ট দেশগুলো থেকে আসা শেফরা ঢাকার ভোজনসিকদের নিজ নিজ দেশের নানা পদের মৌসুমি কুইজিনের স্বাদ দিতে প্রতিদিনই আয়োজন করবেন ঐতিহ্যবাহী সব খাবারের।
ওয়েস্টিনের সিজনাল টেস্টস রেস্টুরেন্টের অ্যাসিস্ট্যান্ট রেস্টুরেন্ট ম্যানেজার নেসারুল ইসলাম বাংলানিউজকে জানান, জিভে জল ধরানো খাবারগুলোর মধ্যে প্রথমদিন যেসব আইটেম থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে ভেজেডিল বেগিন, ওতে ওতে সার্ভেয়ার এবং গাদো গাদো। এসব হচ্ছে সালাদ আইটেম।
স্যুপ আইটেমের মধ্যে থাকবে কারাংজান লাউটান, সোতো আইয়্যাম মাদ্দুরা প্রভৃতি।
আর মেইন কোর্সের মধ্যে অন্যতম আউটেমগুলো হচ্ছে-- মিগোরিন জোয়া, সিঙ্গাপুর চিলি ক্র্যাব, সিঙ্গাপুর ওপরসোটোম, গুলাইকাম্বিং পেডাস, ড্যাগিং কেরিসিক, বেগেদিল কেতাম প্রভৃতি।
নেসারুল ইসলাম আরো জানান, অতিথির সংখ্যা ৭ জনের বেশি হলে আগে রিজার্ভেশন দিয়ে আসলে ভালো হয়। তবে এর নিচের সংখ্যক অতিথির জন্য রিজার্ভেশনের প্রয়োজন নেই।
ব্যুফে ডিনারের জন্য জনপ্রতি খরচ হবে সাড়ে ৩ হাজার টাকা (ভ্যাটসহ)। রিজার্ভেশনের জন্য যোগাযোগ: ০২- ৯৮৯১৯৮৮ ও ০২-৯৮৯৬৬৬১.
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘন্টা, জুন ২৪, ২০১২
আইএইচ/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর
ahsan@banglanews24.com