১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:৪৪ পিএম BDST banglanew24
28 May 2012   08:49:27 PM   Monday BdST
E-mail this

বিএসএমএমইউ আইন সংশোধনে সংসদে বিল উত্থাপন


পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংসদ ভবন থেকে : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিতে সদস্য হিসেবে একজন এমপিকে এবং পরিচালনার কাজে আমলাদের প্রতিনিধিত্ব বাড়ানো হচ্ছে।  এ লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০১২ সংসদে উত্থাপন করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদের ১৩তম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে বিলটি উত্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।

পরে বিলটি ৩ সপ্তাহের মধ্যে পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন-১৯৯৮ এর সংশোধনের জন্য বিলটি উত্থাপন করা হয়েছে।

বিলের উদ্দেশ্য সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন ১৯৯৮ সালে জারি করা হয়।  এ আইনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রতিষ্ঠিত হয়েছে। এরইমধ্যে এ বিশ্ববিদ্যালয়ের অনেক উন্নয়ন সাধন করা হয়েছে। সময়ের প্রয়োজনে এবং প্রশাসনিক কারণে আইনটি সংশোধন করা প্রয়োজন।’

প্রস্তাবিত আইনের ১২ ধারায়, বিএসএমএমইউ’র অর্থ কমিটিতে সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত এমপিদের মধ্যে একজনকে সদস্য করার প্রস্তাব করা হয়েছে।

বিলের ৮ ধারায়, বিএসএমএমইউ’র সিন্ডিকেটে শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার নিচে নন এমন কর্মকর্তাকে সদস্য করার বিধান রাখা হয়েছে। ১৯৯৮ সালে আইনে সরকার মনোনীত অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নন এমন কর্মকর্তাকে সিন্ডিকেট সদস্য রাখার বিধান ছিলো। তবে উত্থাপিত বিলে এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সদস্য করার বিধান রাখা হয়েছে। আগের আইনে একজনের পরিবর্তে ৩ জন আমলাকে সদস্য করার প্রস্তাব করা হয়েছে।

বিলের ৩ ধারায় ১৯৯৮ সালের আইনের ৬ ধারা সংশোধনের কথা বলা হয়েছে। ওই ধারায় বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা সম্পর্কে বলা রয়েছে। প্রথম ক্ষমতা বলা হয়েছে, চিকিৎসা শাস্ত্রের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়নে, বিশেষ করে, আধুনিক চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তির যে কোনো বিষয়ে শিক্ষার ও গবেষণার ব্যবস্থা করা। উত্থাপিত বিলে, এখানে নার্সিং এ স্নাতক ও ¯œাতকোত্তর অধ্যায়নের ব্যবস্থা করার বিধান রাখা হয়েছে।    

এছাড়া ১৯৯৮ সালের আইনে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি বা তার মনোনীত কোনো প্রতিনিধিকে সিন্ডিকেট সদস্য করার বিধান ছিলো। তবে প্রস্তাবিত আইনে প্রতিনিধির পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতিকে সদস্য করার বিধান রাখা হয়েছে।

এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান বা তার মনোনীত প্রতিনিধিকে সিন্ডিকেট সদস্য করার বিধান রাখা হয়েছে।

বিলে আগের আইনের সংবিধিতে পরিবর্তনের বিধান রাখা হয়েছে। আগের আইনের প্রস্তাবিত আইনে বিধান জারি করার আওতা বাড়ানো হয়েছে। বলা হয়েছে, জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান ব্যক্তিদের সম্মানে অধ্যাপক পদ  (চেয়ার) প্রবর্তন করা যাবে। এছাড়া ডিপ্লোমা ডিগ্রি প্রদানসহ আরো বেশকিছু কাজের কথা বলা হয়েছে।

এছাড়া কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান ‘বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বিল-২০১২’ সম্পর্কে স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ২৮, ২০১২  
এসএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান