ময়মনসিংহ: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরা।
এ ঘটনায় প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার করে খালেদা জিয়ার কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন।
পাশাপাশি তারা মাহবুব-উল-আলম হানিফকে রাজনীতির ধূমকেতু হিসেবেও আখ্যা দিয়েছেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘‘নব্য এ রাজনীতিকের বুদ্ধি খুবই কম। তার মতো একজন ক্ষুদ্র পরিসরের নেতার মুখে এ ধরণের বক্তব্য রীতিমতো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
দ্রুত নিজের বক্তব্য প্রত্যাহার করে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর কাছে হানিফের ক্ষমা চাওয়া উচিত যোগ করেন তিনি।
ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি রোকনোজ্জামান সরকার রোকন বলেন, উড়ে এসে রাজনীতিতে জুড়ে বসেছেন হানিফ।এ ধরণের বক্তব্য দেয়ার কারণে তিনি জনগণের রোষানলের মুখে পড়বেন।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার বলেলর, হানিফ সাহেব যেভাবে ধূমকেতুর মতো রাজনীতিতে উঠে এসেছেন বেগম খালেদা জিয়া সেভাবে রাজনীতিতে আবির্ভূত হননি। কিন্তু হানিফ সাহেব হয়তো এ কথাটি ভুলে গেছে।
বাংলাদেশ সময়: ০৪৪৩ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২