ঢাকা: ৫৭ সদস্য বিশিষ্ট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সিরিয়া সিরিয়াকে বহিষ্কার করেছে। ওআইসি প্রধান একমেলেদ্দিন ইহসানোগলু বৃহস্পতিবার এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, এটা হচ্ছে দামেস্কের প্রতি ‘একটি কঠোর সংকেত’।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সদ্য সমাপ্ত ওআইসি সম্মেলন দেওয়া এক বিবৃতিতে ওআইসি জানায়, সিরিয়ায় চলমান সহিংসতা দ্রুত বন্ধের প্রয়োজনীয়তা এবং একই সঙ্গে দেশটিকে ওআইসি থেকে বহিষ্কারে একমত হয়েছে অংশগ্রহণকারী দেশগুলো।
সর্বশেষ বিবৃতিতে ওআইসি সিরিয়ায় গণহত্যা ও অমানবিক ঘটনাবলীর শিকার ভুক্তভোগী জনগণের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সম্মেলনশেষে এক সংবাদ সম্মেলনে একমেলেদ্দিন বলেন, ওআইসি’র সিদ্ধান্ত মুসলিম বিশ্বের পক্ষ থেকে সিরিয়ার শাসকদের জন্য একটি কঠিন সতর্কবার্তা।
তিনি আরও বলেন, কোনও একটি দেশের শাসক পক্ষ যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও ভারী গোলা নিক্ষেপ করে তার জনগণের ওপর নির্বিচার গণহত্যা চালাতে থাকবে তা দুনিয়া বসে বসে দেখতে পারে না।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ১৬ আগস্ট, ২০১২
সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর