 |
ঢাকা: ইয়াসির আরাফাতের রহস্যময় মৃত্যুর ব্যাপারে যুক্তরাষ্ট্র আপাতত কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এছাড়া ওয়াশিংটন বর্তমানে আরাফাতের মৃত্যু রহস্য উদঘাটনে শুরু হতে যাওয়া নতুন তদন্তের ফলাফলের প্রতীক্ষা করছে বলেও উল্লেখ করেন তিনি। তদন্তের ফলাফল প্রকাশের আগে কোনো গুজবের ব্যাপারেও মন্তব্য করবেন না বলে এ সময় উল্লেখ করেন তিনি।
ভিয়েতনাম সফররত হিলারি ক্লিনটন মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব বলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। পাশাপাশি পরবর্তী সপ্তাহে তার সম্ভাব্য ইসরায়েল সফর প্রসঙ্গেও এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিলারি।
ইসরায়েল সফরে তিনি ইসরায়েলি নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় এবং অন্যান্য বিষয়ে আলোচনা করবেন বলে জানান তিনি। এ সময় মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে বলে জানান হিলারি।
ইয়াসির আরাফাতের মৃতদেহ কবর থেকে উত্তোলনের মাধ্যমে নতুন করে তার মৃত্যু রহস্য তদন্ত শুরুর ফিলিস্তিনি উদ্যোগের মধ্যেই ইসরায়েল সফরে যাচ্ছেন হিলারি। উল্লেখ্য, জোরালো ধারণা আছে আরাফাতের মৃত্যুর পেছনে ইসরায়েল জড়িত।
সম্প্রতি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কবর থেকে আরাফাতের মৃতদেহ উত্তোলনের অনুমোদন দেন। এছাড়া আরাফাতের মৃত্যু রহস্য তদন্তের জন্য একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনেরও আহবান জানান তিনি। অনেকেই সন্দেহ পোষণ করেন ইয়াসির আরাফাতের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, তাকে সুকৌশলে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার উদ্যোগে পরিচালিত এক তদন্তে প্রমাণিত হয় মৃত্যুর কয়েক সপ্তাহ আগেও সম্পূর্ণ সুস্থ ছিলেন ইয়াসির আরাফাত। একই সঙ্গে তার পরিধেয় কাপড়ে প্রাণঘাতী তেজষ্ক্রিয় পদার্থ পোলোনিয়ামের অস্তিত্ব প্রমাণিত হয় আল জাজিরার তদন্তে।
এর পরপরই ‘আরাফাতের মৃত্যুর পেছনে ইসরায়েল দায়ী’ এ ধারণা জোরালো হয়ে ওঠে । তার স্ত্রী সুহা আরাফাতও সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে দাবি করেন তার স্বামীকে সুকৌশলে হত্যা করা হয়েছে। তিনি এ ব্যাপারে তদন্তের জন্য বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসারও আহবান জানান।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর