পার্বতীপুর (দিনাজপুর): কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত ২৪৩ জন ক্যাজুয়াল শ্রমিক ৩ দিনের জন্য কর্মবিরতী স্থগিত ঘোষণা করে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক-কর্মচারী (ক্যাজ্যুয়াল) ইউনিয়নের সভাপতি নূরুজ্জামান সরকার বাংলানিউজকে জানান, বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলীর দফতরে বৃহস্পতিবার দু’দফা দ্বিপাক্ষিক আলোচনা বৈঠক অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল হক, ব্যবস্থাপক (অপারেশন) জয়দেব কুমার সাহা, ব্যবস্থাপক (সংরক্ষণ) সৈয়দ দেওয়ান আলী এবং শ্রমিক পক্ষে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক-কর্মচারী (ক্যাজ্যুয়াল) ইউনিয়নের সভাপতি নূরুজ্জামান সরকার, সহ-সভাপতি শাহাজাদা, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, হাফিজুল, মহিদুল ইসলাম প্রমুখ।
১ম দফা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্টিত বৈঠক ভেস্তে যাওয়ার পর শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতী শুরু করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আবারও বৈঠক বসে। বৈঠকে প্রধান প্রকৌশলী চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিলে এবং শ্রমিক নেতাদের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরিচালনা পর্ষদের বৈঠকের ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দেওয়ায় তারা অনির্দিষ্টকালের কর্মবিরতী ৩ দিনের জন্য স্থগিত করে বেলা ১টা থেকে কাজে যোগদান করেছেন।
বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল হক শ্রমিকদের কাজে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট (১২৫ ত্র২) তাপ বিদ্যুৎ কেন্দ্রে কাজ নাই মজুরি নাই এ শর্তে দৈনিক মজুরির ভিত্তিতে ২৪৩ জন শ্রমিক চাকরি স্থায়ীকরণের দাবিতে গত ২৮ জুন বৃহস্পতিবার মানববন্ধন, ১ জুলাই ২ ঘণ্টা, ২ জুলাই ৩ ঘণ্টা, ৩ জুলাই ৪ ঘণ্টা ও ৪ জুলাই ১৬ ঘণ্টা কর্মবিরতী পালন করে।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর