নারায়ণগঞ্জ : এক নারীকে উত্যক্তের জের ধরে বুধবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রামের শত শত লোকজন টেটা, বল্লম, রাম দাসহ দেশীয় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
আহতদের মধ্যে বাদশা, লোকমান, আলমগীর, স্বপন, সাদ্দাম, মোহাম্মদ আলীকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চালাকচর গ্রামের জনৈক জাহাঙ্গীর তার ভাগ্নীকে নিয়ে বুধবার রাতে বাড়িতে ফেরার সময়ে চৈতনকান্দা গ্রামের ইব্রাহিম তাদের উত্যক্ত করে।
এর প্রতিবাদ করায় জাহাঙ্গীরকে মারধর করে ইব্রাহিম ও তার সহযোগীরা।
রাত ৮টায় এ খবর চালাকচর গ্রামে ছড়িয়ে পড়লে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বেরিয়ে এসে চৈতনকান্দা গ্রামে গিয়ে হামলার চেষ্টা করে। ওই সময়ে আবার চৈতনকান্দা গ্রামের লোকজনও অস্ত্র নিয়ে বেরিয়ে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে পুলিশ প্রথমে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়।
পরে থানার এসআই আশরাফুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বাংলানিউজকে আশরাফুজ্জামান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করলেও সেখানে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, মে ২৩, ২০১৩
তানভীর হোসেন/জেডএম