প্রতিবারের মতো এবারও ঈদে কণ্ঠশিল্পী ইভা রহমান একক সঙ্গীত অনুষ্ঠান নিয়ে আসছেন দর্শক-শ্রোতার সামনে। ‘মনের মতো তুমি’ শীর্ষক এ অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ঈদের দিন রাত ১০টা ৪০ মিনিটে।
এবারের ঈদে এটিএন মিউজিকের ব্যানারে অডিও বাজারে এসেছে ইভা রহমানে নতুন একক গানের অ্যালবাম ‘মনের মতো তুমি’। এটিএন বাংলার ঈদের বিশেষ সঙ্গীতানুষ্ঠানে ইভা রহমান এ অ্যালবামের গানই পরিবেশন করবেন। ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠানের গানগুলোর চিত্রায়ন করা হয়েছে নেপালের মনোরম বিভিন্ন লোকেশনে।
ইভা রহমানের নতুন একক অ্যালবামটির বিভিন্ন গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী ও সুরকার ইবরার টিপু। গানের কথা লিখেছেন শফিক তুহিন, ইবরার টিপু, রবিউল ইসলাম জীবন, আবু সায়েম চৌধুরী, এ মিজান এবং ইভা রহমান।
অ্যালবামে রয়েছে ঝড়ো বৃষ্টি ঝড়ো, হয়েছি তোমার মাঝে, মনের মতো তুমি, চলার পথে যেতে যেতে, নাম বিহীন কোন ফুলের, মনের ফ্রেমে ছবি আকা, তোমার চোখে আকাশ দেখি, ভালোলাগে কাশবনের ফুল, ভাবনার উঠোনে প্রতিক্ষণ এবং এক পৃথিবী পরশ দেব তোমায় শিরোনামের গান।
বাংলাদেশ সময় ১৭৪৫, ১৪ আগস্ট, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; আহ্সান কবীর, আউটপুট এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।