 |
মীরেরসরাই (চট্টগ্রাম): ফেনীর মুহুরীগঞ্জে ট্রাক ও লরি সংঘর্ষে বুধবার রাত ২টা থেকে অচল হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।
রাত আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটলে উভয় দিক থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় ঢাকাগামী অধিকাংশ যানবাহনকে বারুইয়ারহাট হয়ে ছালগনাইয়া পুরাতন মহাসড়ক দিয়ে চলতে দেখা গেছে। বিপরীতে চট্টগ্রামগামী যানবাহন মহীপাল হয়ে পুরাতন মহাসড়ক ধরে চট্টগ্রামের দিকে চলতে দেখা গেলেও খানাখন্দের কারণে ওই সড়কেও যানজট সৃষ্টি হয়েছে।
যানজটের কারণে একাধিক রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ মধ্যরাতে দুর্ভোগ পোহাতে হয়েছে দূরপাল্লার যাত্রীদের।
মীরেরসরাইয়ের জোরারগঞ্জ পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোস্তফা জানান, ফেনী হাউওয়েকে বিষয়টি জানানো হয়েছে। তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।
ফেনীর মহীপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মাইনুদ্দিন বলেন, “আরো খবর পাওয়ার পর সড়ক সচল করতে দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি সরিয়ে নিতে লোক পাঠানো হচ্ছে। আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যে বিকল যান দু’টি সড়ক থেকে সরিয়ে নেওয়া সম্ভব হবে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত সীতাকুণ্ডের বড় দারোগারহাট থেকে ফেনীর লালপোল পর্যন্ত যানজট ছিলো।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১২
রিগ্যান উদ্দিন/ জেডএম