 |
ঢাকা: নারী পোল ভল্টে টানা তিন অলিম্পিকে স্বর্ণ জেতা হলো না রাশিয়ার ইয়েলিনা ইসিনবায়েভার। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে পোল ভল্টের এই রাণীকে।
মার্কিন তারকা জেনিফার সুহর ক্যারিয়ার সেরা পারফরমেন্স ৪.৭৫ মিটার উচ্চতা পাড়ি দিয়ে স্বর্ণপদক জিতে নেন। একই স্কোর করে এই ইভেন্টের রৌপ্যপদক জিতেছেন কিউবার ইয়ারিসলে সিলভা। ৪.৪৫ মিটার উচ্চতায় ওঠার প্রথম প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় স্বর্ণ জিততে ব্যর্থ হন সিলভা।
২০০৯ সালে জুরিখে ৫.০৬ মিটার উচ্চতা অতিক্রম করে বিশ্বরেকর্ড গড়া ইসিনবায়েভা ৪.৭০ মিটার উচ্চতা অতিক্রম করে ব্রোঞ্জ জেতেন। যদিও প্রথম প্রচেষ্টায় মাত্র ৪.৫৫ মিটার পাড়ি দিয়েছিলেন দুইবারের অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়ন ইসিনবায়েভা।
সিলভা ও জার্মানির সিলকে স্পাইজেলবার্গকে প্রথম প্রচেষ্টায় ৪.৬৫ মিটার অতিক্রম করতে দেখে হয়তো মনে মনে ঘাবড়েই গিয়েছিলেন ২৮ বার পোল ভল্টে রেকর্ড গড়া ৩০ বছরের এই রাশিয়ান তারকা। অন্যদিকে সুহর সাফল্যের সঙ্গে ৪.৭০ মিটার অতিক্রম করলেও ৫ সেন্টিমিটারের জন্য ব্যর্থ হন জার্মানির মার্টিনা স্ট্রুটজ।
দ্বিতীয় পর্বেও ৪.৭০ মিটার সফলভাবে পাড়ি দেন সুহর। তবে এই উচ্চতা পাড়ি দিতে গিয়ে বারের সঙ্গে ধাক্কা খান স্পাইজেলবার্গ। অপর তিন প্রতিযোগীর মধ্যে ইসিনবায়েভা ও সিলভা সফলভাবে ওই দূরত্ব পাড়ি দিলেও ব্যর্থ হন স্ট্রুটজ।
পরবর্তী রাউন্ডে ৪.৭৫ মিটার উচ্চতা অতিক্রমের ক্ষেত্রে সুহর ও সিলভা সফল হলেও ব্যর্থ হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেন স্প্রাইজেলবার্গ। ইসিনবায়েভাও প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন, তবে শেষ প্রচেষ্টায় ৪.৮০ মিটার উচ্চতা পাড়ি দেন।
বৃষ্টি ও ঝড়ো বাতাসের মধ্যে অনুষ্ঠিত লড়াইয়ে ৪.৮০ মিটার উচ্চতা অতিক্রমের ক্ষেত্রে তিন বারের প্রয়াস সত্ত্বেও সিলভা ও সুহরের কেউ সফল হতে পারেননি। তবে সিলভা ৪.৪৫ মিটার উচচতায় ওঠার প্রথম প্রয়াস ব্যর্থ হওয়ায় স্বর্ণপদক জেতেন সুহর।
বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
এএইচবি