 |
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটি’র সদস্য এমকে আনোয়ার বলেছেন, ‘সরকার বিএনপির আন্দোলন দমাতে যতই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে ততই এ সরকারের পতন ত্বরান্বিত হবে।’
তিনি বলেন, ‘এ সরকার বিএনপিকে নেতৃত্বশূণ্য করার হীন উদ্দেশ্যে মিথ্যা মামলা দিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে অতিতের কোন সরকারই আন্দোলন দমাতে পারে নি। এ সরকারও পারবে না।’
সোমবার জেল থেকে জামিনে মুক্তি পেয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও এলডিপি’র চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করতে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে যান এ নেতারা। এ সময় তারা ঘণ্টা খানেক ধরে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ১২ দিনের কারাজীবন নিয়ে বিএনপি নেতার সঙ্গে আলোচনা করেন।
এমকে আনোয়ার বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ১৮ দলের অন্যান্য নেতাদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন করা হবে।
তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে আন্দোলন বন্ধ করা যাবেনা। জনগণের দাবি আদায়ের যে আন্দোলন শুরু করেছে বিএনপি তা আদায় না হওয়া পর্যন্ত চলতে থাকবে।’
এ সময় এলডিপি’র চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদ বলেন, ১৮ দলের নেতাকর্মীদের জেলে রেখে কোনো আলোচনা সম্ভব নয়। একদিকে গুম, নির্যাতন করা হবে, অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকিয়ে রাখা হবে এটা চলতে পারেনা।
বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, মে ২৮, ২০১২
এমএম/ সম্পাদনা: এমইউএম/শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর