 |
| ছবিঃ রুবেল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
আশুলিয়া শিল্পাঞ্চল থেকে: ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার বণ্ধের প্রতিবাদে রাস্তায় নেমেছে পোশাকশ্রমিকরা। বিভিন্ন পয়েন্টে তাদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে বলে খবর পওয়া গেছে। সকাল থেকে যান চলাচল বন্ধ থাকলেও সাড়ে ১১টার দিকে সীমিত পরিসরে তা শুরু হয়।
সকালের দিকে শ্রমিকেরা ৪টি গাড়িও ভাঙ্চুর করেছে । সতর্ক অবস্থানে রয়েছে র্যাব, শিল্প পুলিশ ও আর্মড পুলিশের সদস্যরা।
জামগড়ার উইন্ড গ্রুপের সামনে শ্রমিক-পুলিশের সংঘর্ষ চলাকালে ১২ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। শ্রমিকরা পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে।
জামগড়াছাড়াও সকালের দিকে নিশ্চিন্তপুর, ঘোষবাগসহ কয়েকটি পয়েন্টে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিরাপত্তার খাতিরে আশুলিয়া-আবদুল্লাহপুর রুটে যান চলাচল বন্ধ করে দেওয়া হলেও বেলা সাড়ে ১১ টার দিকে সীমিত আকারে যান চলাচল শুরু হয়েছে।
প্রতিটি গার্মেন্টের সামনে পুলিশি অবস্থান ও টহল জোরদার করা হয়েছে। ফ্যান্টাসি কিংডমের সামনে র্যাব পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে।
এদিকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে মাইকিং করে শ্রমিকদের রাস্তায় অবস্থান না নেওয়ার আহবান জানানো হচ্ছে। বলা হচ্ছে গামেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। আপনারা ফিরে যান।
শ্রমিকরা তাদের বেতনভাতা বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে।
শনিবার শ্রমিক বিক্ষোভের মুখে পুরো এলাকা নিরাপত্তাহীন হয়ে পড়লে তৈরি পোশাকশিল্পের মালিকরা সব কারখানা বন্ধের ঘোষণা দেন। মালিকদের দুটি সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়। মালিকদের দাবি, এ মুহূতে শ্রমিকদের বেতনভাতা বাড়ানো পক্ষে সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জুন ১৭, ২০১২
ইএস/এমআইএইস/সম্পাদনা: রানা রায়হান; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর