বগুড়া: মাঠ যখন তত্ত্বধায়ক সরকার পুনর্বহাল ইস্যুতে গরম হওয়ার পথে, ঠিক এমনি এক মুহুর্তে প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় আসছেন খালেদা জিয়া। সঙ্গত কারণেই এখানকার মানুষের প্রত্যাশাটাও অনেক বেশি। কিন্তু আবারও ২৬ ফেব্রুয়ারির মতো হতাশার আতঙ্ক বিরাজ করছে বগুড়াবাসীর মনে।
সে সময় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষসহ সাংবাদিক মহল রাতভর অপেক্ষা করেও কোনরকম কথা শুনতে পারেননি খালেদা জিয়ার মুখ থেকে।
এ দফায়ও এমন আশংকায় থাকতে হচ্ছে বগুড়ার লাখ লাখ মানুষকে। কেননা, শনিবার দুপুর পর্যন্ত দলীয় নেতাদের পক্ষ থেকে কেউ এ বিষয়ে কোন রকম ইতিবাচক সিদ্ধান্ত জানাতে পারেননি বাংলানিউজকে।
তবে এক শ্রেণির বিএনপি ভক্ত ব্যাবসায়ী ও চাকুরীজীবী বাংলানিউজকে জানান, চলমান আন্দোলন বেগবান করতে এ দফা দেশ ও সরকার সম্পর্কে খালেদা জিয়ার মুখ থেকে কথা শুনতে জোর অনুরোধ করবেন তারা।
এদিকে, কয়েকজন কৃষক, ক্ষুদ্র ব্যাবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের গাড়ি শ্রমিকরা আশা প্রকাশ করেন, বগুড়াবাসীর উদ্দেশ্যে খালেদা জিয়া অবশ্যই এবার কিছু কথা বলবেন।
অন্যদিকে, পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকায় সেরকম কিছু সম্ভব হবে না বলে আবারও ঈঙ্গিত দেন বগুড়া জেলা বিএনপি’র দফতর সম্পাদক মাহফুজার রহমান রাজু।
উল্লেখ্য, এর আগে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে লংমার্চকে উদ্দেশ্য করে ২০১১ সালের ১৮ অক্টোবর এবং লালমনিরহাট জেলায় জনসভায় যোগদানের উদ্দেশ্যে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বগুড়া সার্কিট হাউসে রাত যাপনের উদ্দেশ্যে বগুড়া এসেছিলেন সাবেক প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময় : ১৩১৫ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১২
জেডএম/