 |
ঢালিউডের সত্তর ও আশির দশকের জনপ্রিয় নায়ক ফারুকের শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হলেও এখনো রয়ে গেছেন ঝুকিপূর্ণ অবস্থায়। বর্তমানে রাজধানীর বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। শরীরের সার্বিক দিক চিন্তা করে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
অভিনেতা ফারুককে ব্যাংকক নিয়ে যাওয়ার সিদ্ধান্তটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন তার স্ত্রী ফারহানা পাঠান। তিনি বলেন, একমাসেরও বেশি সময় ধরে ফারুক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা কখনো ভালো কখনো খারাপ। এ নিয়ে আমরা উদ্বিগ্ন। তার ফুসফুসে বারবার পানি জমে যাওয়ার কারণে তার শ্বাসকষ্টও বেড়ে যাচ্ছে। কিডনিও পুরোপুরি কাজ করছে না। এ অবস্থায় তার স্থায়ী সুস্থতার জন্য অ্যাপোলা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক তাকে ব্যাংককে নিয়ে যার যাওয়ার জন্য আমাদের পরামর্শ দিয়েছেন।
ফারহানা পাঠান জানান, ফারুকের উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনলাইনে তার শরীরের বর্তমান অবস্থা ও চিকিৎসার অন্য সব কাগজপত্রও পাঠানো হয়েছে সেখানে। চলতি সপ্তাহের শেষের দিকে তাকে ব্যাংকক নিয়ে যাওয়া হবে। তার আগ পর্যন্ত অ্যাপোলো হাসপাতালে তার সব ধরনের চিকিৎসা চলবে। এ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক কৃষ্ণা মোহন সাহু ও শামস মনোয়ারের তত্ত্বাবধানে ফারুকের চিকিৎসা চলছে।
ফারুকের শরীরের সর্বশেষ অবস্থা জানিয়ে ফারহান পাঠান বলেন, এখন সাধারণ কেবিনেই তাকে রাখা হয়েছে। সব ধরনের স্বাভাবিক খাবার দেয়া হচ্ছে তাকে। শ্বাস-কষ্ট আগের মতো নেই। তবে মাঝমধ্যে তা দেখা দিচ্ছে। এ কারণেই আমরা উদ্বিগ্ন।
প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় ফারুককে ৭ মে সকালে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা জটিল মনে করায় প্রথমে সিসিইউতে ভর্তি করেন। পরে অবস্থার উন্নতি হওয়ায় তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। গত সপ্তাহে ফারুকের শারীরিক অবস্থার আবার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)-তে।
বাংলাদেশ সময় ০০২৫, জুন ০৯, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান