 |
ঢাকা: ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’র আমন্ত্রিত অতিথি হয়ে ভারতে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী। কয়েকজন বোর্ড পরিচালকও তাদের সঙ্গে আছেন।
আইপিএলের ফাইনাল খেলা দেখা ছাড়াও বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের সঙ্গে বৈঠক করার কথা ছিলো বিসিবি কর্মকর্তাদের। কিন্তু রোববার রাতে চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে অসুস্থ হয়ে পড়েন বিসিবিসিআই সভাপতি। ফলে শ্রীনিবাসনের সঙ্গে বিসিবি প্রতিনিধি দলের এযাত্রায় বৈঠক হচ্ছে না।
হাসপাতালে বিসিসিআই সভাপতিকে দেখতে গিয়েছিলেন বিসিবি সভাপতি মোস্তফা কামাল এবং সিইও নিজামউদ্দিন চৌধুরী। বিসিবি সভাপতি মোবাইলফোনে বাংলানিউজকে বলছিলেন, ‘মিটিংটা করতে পারলে অনেক কিছু হতে পারতো। কিন্তু শ্রীনিবাসন অসুস্থ হয়ে পড়ায় এবার কোনো আলোচনা সম্ভব না।’
ভারতের অতিথি হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফও ছিলেন চেন্নাইয়ে। বিসিবি কর্মকর্তাদের সঙ্গে জাকা আশরাফের আলোচনা হয়েছে। তবে ক্রিকেট সংক্রান্ত বিষয়ে কোনো বৈঠক হয়েছে কি না তা বলতে রাজি হননি বিসিবি সভাপতি। সিইও নিজামউদ্দিন জানিয়েছেন, তাদের সঙ্গে খেলার মাঠে দেখা হয়েছে পিসিবি চেয়ারম্যানের।
যদিও সোমবার দুপুরে হোটেলে বিশেষ বৈঠক করেছেন বাংলাদেশের কর্মকর্তারা। বৈঠকের অন্যপক্ষ কে ছিলো তা গোপন রাখা হয়েছে। মঙ্গলবার দেশে ফিরবেন বিসিবি সভাপতি, প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালকরা।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মে ২৮, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর