৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১২:০৩ পিএম BDST banglanew24
05 Jul 2012   04:49:16 PM   Thursday BdST
E-mail this

পাহাড়ের নিচে বসবাস

বিদ্যুৎ, গ্যাস পানি সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিদ্যুৎ, গ্যাস পানি সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু পাহাড়ের নিচে বসবাস
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাসকারীদের গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করতে একযোগে কাজ শুরু করেছে ওয়াসা, পিডিবি এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড (কেজিডিএসএল)।

বৃহস্পতিবার সকাল থেকে নগরীর এসব ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু হয়।

সরেজমিনে এসব এলাকা ঘুরে ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।    

দুপুরে বায়েজিদ থানাধীন বাংলাবাজার এলাকার ব্যাংক কলো‍নির পাহাড়ে ১৯টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হরা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল কাদের গণি।

তিনি বলেন, পাহাড়ের পাদদেশে মূল একটি মিটার থেকে আরো ১৯ মিটার সেট করে ১৯ পরিবারকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন ওই এলাকার বস্তির মালিকরা। সিদ্ধান্ত অনুযায়ী ঝুকিপূর্ণ এসব এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম ওয়াসা নগরীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় পাহাড়ের বসবাসকারীদের দেওয়া পানির লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছে। তবে এ সময় স্থানীয়দের বাধার মুখে পড়েন ওয়াসার কর্মীরা।

চট্টগ্রাম ওয়াসার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ হাসান বাংলানিউজকে বলেন, পাহাড় ব্যবস্থাপনা কমিটির নির্দেশ অনুসারে বৃহস্পতিবার নগরীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় পাহাড়ে বসবাসকারীদের প্রায় ৩ থেকে ৪শ’ পানির সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড় বাটালি হিলে আরো ৫০টি ওয়াসার পানির লাইন বিচ্ছিন্ন করা হয়।

প্রথমে ওয়াসার কর্মীদের পাহাড়ে বসবাসকারীরা প্রথমে বাঁধা দিতে এলেও পরে পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনীর সহায়তায় এসব সুষ্ঠুভাবে করা হয়েছে। যোগ করেন তিনি।
 
পাহাড় ব্যবস্থাপনা কমিটির নির্দেশনানুযায়ী আগামী রোববার খুলশী থানার আকবর শাহ কলোনি, শের শাহসহ বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে পানির লাইন সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালানো হবে বলেও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান বাংলানিউজকে জানান।

গত সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে পাহাড় ব্যবস্থাপনা কমিটির বৈঠকে সাতদিনের মধ্যে এসব এলাকায় গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর দিন মঙ্গলবার প্রথমদিনে নগরী ও সীতাকুণ্ডে ২৬টি সংযোগ বিচ্ছিন্ন করেছে পিডিবি। বৃহস্পতিবার আরো ১৯টি বিচ্ছিন্ন করা হয়।

পিডিবি’র চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, পাহাড় ব্যবস্থাপনা কমিটির চিঠি পাবার পর থেকে অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে আগামী রোববার নগরীর মতিঝর্ণা এবং আকবর শাহ মাজার এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এদিকে, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের (কেজিডিএসএল) অঞ্চল-৩ এর ব্যবস্থাপক মো. রফিক খান বাংলানিউজকে বলেন, ‘‘পিডিবির সঙ্গে সমন্বয় করে আমরা পাহাড়ে গ্যাস লাইন বিচ্ছিন্ন কাজ করছি।’’

তিনি বলেন, গত মঙ্গলবার লালখান বাজারে পিডিবি যেসব বিদ্যুত লাইন বিচ্ছিন্ন করা হয়েছে, সেখানে কোনো গ্যাসের সংযোগ ছিল না। তবে বৃহস্পতিবার বায়েজিদ থানার বাংলাবাজার এলাকায় ব্যাংক কলোনিতে অভিযান চালিয়ে ৪টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এসব এলাকায় পাহাড় ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা অনুসারে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রক্রিয়া চলবে বলেও জানিয়েছেন তিনি।
    
প্রসঙ্গত, গত ২৬ জুন প্রবল বর্ষণে চট্টগ্রাম নগরীর আকবর শাহ, বিশ্বকলোনি, জেলার সীতাকুণ্ড ও বাঁশখালীতে পাহাড় ধসে ২৩ জনসহ বিদ্যুৎস্পৃষ্ট ও দেয়াল ধসে আরও ৬ জন অর্থাৎ একদিনের বর্ষণে মোট ২৯ জনের মৃত্যু হয়।

এর প্রেক্ষিতে গত ২ জুলাই চট্টগ্রামের পাহাড় ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এসব পাহাড়ে বসবাসকারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘন্টা, জুলাই ০৫, ২০১২
এমবিএম/ সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান