বিখ্যাত চলচ্চিত্রকার স্টিভেন স্পিলবার্গ প্রযোজিত সায়েন্স ফিকশন ছবি ‘সুপার এইট’। রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাচ্ছে ৮ জুন শুক্রবার। ছবিটি পরিচালনা করেছেন ‘স্টার ট্রেক’ এবং ‘মিশন ইম্পসিবল থ্রি’খ্যাত পরিচালক জে জে আব্রাহাম।
‘সুপার এইট’ ছবির গল্পে শুরু যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের লিলিয়ান নামের ছোট্ট শহরে ১৯৭৯ সালে। সুপার এইট মিলিমিটার ক্যামেরার মাধ্যমে একটি তথ্যচিত্র নির্মাণ করছিল একদল তরুণ। শুটিং চলার সময়টাতেই তাদের চোখের সামনেই এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে। তাদের অজান্তেই ক্যামেরায় ধারণ হয়ে যায় দুর্ঘটনার দৃশ্য এবং আরও অনেক কিছু, যা তাদের নজর এড়িয়ে যায়।
প্রথমে এটিকে নিছক একটি দুর্ঘটনা মনে করলেও পরবর্তীকালে সবার ধারণা পাল্টে যায়। কারণ ওই ঘটনার পর থেকে শহরে একের পর এক অস্বাভাবিক ও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যার বেশির ভাগেরই কোন ব্যাখা দিতে পারে না কেউ।
এদিকে দুর্ঘটনার তদন্তে বেরিয়ে আসে এক রহস্যময় ঘটনা। দুর্ঘটনাকবলিত সেই ট্রেনের ধ্বংস স্তূপ থেকে এক অতিমানবীয় প্রাণী বা বস্তু পালানোর প্রমাণ পাওয়া যায়।
অজানা-অচেনা সেই প্রাণী বা বস্তুর খোঁজে শহরে আসে সরকারের বিশেষ বাহিনী। নিরাপত্তার জন্য সবাইকে শহর ছেড়ে যাওয়ার আদেশ দেয়া হয়। এরই মধ্যে এক এক করে উধাও হতে থাকে শহরের অধিবাসীরা। এমন ইরহস্যে ঘেরা এক কাহিনী নিয়েই নির্মিত হয়েছে সায়েন্স ফিকশন ছবি ‘সুপার এইট।’
ছবিটিতে অভিনয় করেছেন কাইল চ্যান্ডলার, এলি ফ্যানিং, নোয়া এমেরিখ, রন এলডার্ডসহ আরও অনেকে।
বাংলাদেশ সময় ০০৫৫, জুন ৮, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।