ঢাকা: কাপাসিয়াসহ গাজীপুর জেলার সব পর্যায়ের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে অংশ নেননি গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া সিমিন হোসেন রিমির চাচা ও বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ছোট ভাই আফসার উদ্দীন আহমদ।
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হয়।
তবে বৈঠক শেষ হওয়ার পর পরই গণভবনে প্রবেশ করেন আফসার। রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি গণভবনে অবস্থান করছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেওয়া কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান পিন্টু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “আমরা মিটিং শেষ করে বের হওয়ার মুহুর্তেই উনি (আফসার উদ্দীন আহমদ) গণভবনে প্রবেশ করেন এবং এখন পর্যন্ত তিনি বঙ্গভবনে অবস্থান করছেন।”
পিন্টু বলেন, “রিমি আপাকে দল থেকে মনোনয়ন দেওয়ার পর গত ক’দিন ধরে আফসার সাহেব আড়ালে থেকে বিরোধিতা করে এলেও শেষ পর্যন্ত কাপাসিয়া ও গাজীপুর আওয়ামী লীগের সব নেতাকর্মী আজকের বৈঠকে অংশ নেওয়ার ফলে তিনি হয়তো শেষ পর্যন্ত তার জায়গা থেকে সরে এসেছেন।”
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১২
এআই/ জেডএম