 |
টোকিও থেকে: জাপানে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পুজা উদযাপিত হয়েছে। শিক্ষা, সংগীত ও শিল্পকলার দেবী হিসেবে সরসত্বীকে পুজা করে সর্বোচ্চ শ্রদ্ধা জানানো হয়।
১৭ ফেব্রুয়ারি সার্বজনীন পুজা কমিটি- জাপান`র উদ্যোগে টোকিওর আকাবানে কিতা কুমিন সেন্টারে সরস্বতী পুজার আয়োজন করা হয়।
ওই দিন বিকেলে পুজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভারও আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস, জাপান`র ইকনোমিক মিনিস্টার ড. জীবন রঞ্জন মজুমদার।
তনুশ্রী গোলদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ড. জীবন রঞ্জন মজুমদার, সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা ড. কিশোর কান্তি বিশ্বাস, বাংলাদেশ দূতাবাসের পলিটিকাল কাউন্সিলর মাসুদুর রহমান ও পূজা কমিটির সভাপতি সুখেন ব্রহ্ম।
এরপর কণ্ঠশিল্পী ববিতা পোদ্দারের পরিচালনায় শুরু হয়- ছোটদের চমকপ্রদ অনুষ্ঠান।
পরবর্তী পর্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ‘উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ’-এর রতন খন্দকার, জাহিদ চৌধুরি, ববিতা পোদ্দার, উৎপল দত্ত বাচ্চু, নীলাঞ্জনা দত্ত ছুটি, এম এ শাহীন, বিশ্বজিৎ দত্ত বাপ্পা, তানিয়া ইসলাম মিথুন, তুলি গোমেজ প্রমুখ। দু`দশকের বেশি সময় ধরে জাপানের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠান করে সুনাম কুড়িয়েছে সংগঠনটি।
অনুষ্ঠানের রবীন্দ্র সংগীত পরিবেশন করেন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও নন্দিত শিল্পী বেবী রাণী কর্মকার।
বরাবরের মতো এবারের পুজায়ও টোকিওর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ বাঙালিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com