সাতক্ষীরা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক বলেছেন, দেশে শিশু ও মাতৃমৃত্যুর হার কমাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার নলতা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও মাতৃমৃত্যু হ্রাস বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে দেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা ইতোমধ্যে গর্ভবতী মায়েদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন।
নলতা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও রোটারি ক্লাব অব সাতক্ষীরার যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সাতক্ষীরার সভাপতি নুরুল ইসলাম।
কর্মশালায় বক্তব্য দেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডা: এস জেড আতিক, সাতক্ষীরা পৌর মেয়র এমএ জলিল, রোটারিয়ান ডা: সুশান্ত ঘোষ প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক আরও বলেন, ১৯৯৪ সালে মাতৃমৃত্যুর হার ছিল প্রতিলাখে ৩২২ জন। বর্তমানে এর হার কমে দাঁড়িয়েছে ১৯৪ জনে।
পরে মন্ত্রী আশাশুনি উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ করেন। এছাড়া আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা এবং বিকেলে নলতা রওজা শরীফের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
সম্পাদনা: ফরহাদ খান/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর