 |
চট্টগ্রাম: কালোবাজারে তেল বিক্রির মাধ্যমে অর্থ আত্মসাত করে প্রতিষ্ঠানে লোকসান দেখানোর অভিযোগে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক (ডিএডি) হুমায়ুন কবির বাদী হয়ে সোমবার বিকেলে নগরীর পতেঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১৬।
অভিযুক্ত ৩ কর্মকর্তা হলেন- পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) আকতারুদ্দোজা, সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) আবুল বাশার ও সাবেক ম্যানেজার (অপারেশন) জাবেদ মো. নুরুদ্দিন।
পতেঙ্গা থানার ওসি প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে বলেন, ‘অর্থ আত্মসাতের অভিযোগে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের মহব্যাবস্থাপক, সহকারি মহাব্যবস্থাপক ও সাবেক এক ম্যানেজারের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে।’
প্রতিষ্ঠানের ১ কোটি ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয় বলে জানান তিনি।
দুদক চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মেজর ফয়সাল পাশা বাংলানিউজকে জানান, কালোবাজারে তেল বিক্রি করে প্রতিষ্ঠানের লোকসান দেখানোর অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তিনি জানান, ৮ মার্চ ২০১১ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তেল বিক্রি করে প্রতিষ্ঠানের লোকসান দেখানো হয়।
এসময় পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার ৩২৯ লিটার ডিজেল ও কোরোসিন কালোবাজারে বিক্রি করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৬ লাখ ৩৪ হাজার ৮০৫ টাকা।
এ টাকা ওই ৩ কর্মকর্তা মিলে আত্মসাত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘন্টা, এপ্রিল ২৩, ২০১২
এমইউ/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর