 |
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনার বিরুদ্ধে দায়ের করা তিনটি রিটের রায়ের কপি বৃহস্পতিবার এসইসির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন।
বুধবার সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি তিনি নিশ্চিত করেন।
এ সময় তিনি বলেন, বুধবার দুপুরে আমরা তিনটি রায়ের কপি হাতে পেয়েছি। আগামীকাল এই রায়ের কপি এসইসির কাছে পাঠানো হবে।
এর আগে গত ২০ মে কোম্পানির পরিচালকদের শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা সিকউরিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) যে প্রজ্ঞাপন জারি করেছিল, তা বৈধ বলে রায় দেয় হাইকোর্ট।
বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ রায় দেন।
উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা এসইসি শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা পরিচালকের ব্যক্তিগতভাবে দুই শতাংশ এবং সমষ্টিগতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এজন্য ২১ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে যদি তাদের কাছে ২ শতাংশ শেয়ার না থাকে তবে তারা পরিচালক পদ হারাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছিল।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ৩০, ২০১২
এসএমএকে/সমপাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর