 |
| সংগৃহীত |
চট্টগ্রাম: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়াবাজার এলাকায় বিমানবন্দরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশু সহ তিনজন মারা গেছেন। একই দুর্ঘটনায় কমপক্ষে আরও ৫ জন আহত হয়েছেন।
শনিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় প্রথমে তিন শিশু নিহতের খবর ছড়িয়ে পড়লেও পুলিশ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
তবে দুপুর দেড়টার দিকে রাউজানের নোয়াপাড়া পথেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই টুটুন মজুমদার বাংলানিউজকে বলেন, `দুর্ঘটনায় তিনজন নিহত হবার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। এদের মধ্যে বেলাল নামে নয় বছর বয়সী এক শিশুর নাম জানতে পেরেছি। এছাড়া অপর দু`জনের মধ্যে একজন পুরুষ ও আরেকজন মহিলা আছে বলে জানতে পেরেছি।`
চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের এএসপি আ ফ ম নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, কাতারের উদ্দেশ্যে যাত্রার জন্য চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে যেতে রাঙ্গুনিয়ার শান্তিরহাট থেকে পরিবারের প্রায় ১৫ জন সদস্যকে নিয়ে মাইক্রোবাসে চড়ে রওনা দেন মোহাম্মদ আলী শাহ নামে জনৈক ব্যক্তি।
দ্রুতগামী গাড়িটি রাউজানের জিয়াবাজার এলাকায় পৌঁছার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ৮ জন আহত হন।
এস আই টুটুন মজুমদার বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেয়াপাড়ায় একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে যান। সেখানে শিশু বেলাল সহ তিনজনকে মৃত ঘোষণা করা হয়।
নিহত শিশু বেলালের বাড়ি হাটহাজারী এবং অপর দু`জন রাঙ্গুনিয়ার বাসিন্দা বলে তিনি জানান।
তবে নিহত পুরুষ ও মহিলার পূর্ণাঙ্গ পরিচয় তিনি জানাতে পারেননি।
বাংলাদেশ সময় : ১১ ২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
আরডিজি, সম্পাদনা : তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর