সরকারি অনুমোদন না নিয়ে ব্যক্তিগত নিমন্ত্রণে মঙ্গলবার ঢাকায় এসেছেন জনপ্রিয় ভারতীয় সঙ্গীত শিল্পী সনু নিগম। একটি গায়ে হলুদের অনুষ্ঠানে গান গাইতেই তার এই সফর। এ নিয়ে মাত্র এক মাসে তিন দফা বাংলাদেশ সফর করছেন ভারতীয় এই শিল্পী।
সংশ্লিষ্ট একটি সূত্র বাংলানিউজকে জানায়, স্রেফ ট্যাক্স ফাঁকি দিতেই সরকারি অনুমোদন ছাড়া ১৯ সদস্যের দল নিয়ে সনু নিগম ঢাকায় এসেছেন। এর মাধ্যমে প্রায় ১২ লাখ টাকা আয়কর থেকে বঞ্চিত হবে রাজস্ব বিভাগ।
সূত্রটি আরও জানায়, শাহ আলম বাহাদুর নামে বাংলাদেশি এক ব্যবসায়ীর ছেলের বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে যোগ দিতেই সনু নিগমের ঢাকা সফর। মঙ্গলবার দুপুর নাগাদ দলটির ঢাকা পৌঁছানোর কথা থাকলেও দলটি ঢাকা পৌঁছায় সন্ধ্যা সোয়া সাতটার দিকে।
বাংলাদেশ বিমানকর্মীদের ধর্মঘটের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ ঘণ্টা ফ্লাইট অপারেশন্স বন্ধ থাকার কারণেই সনু নিগমের ঢাকা পৌঁছানো বিলম্বিত হয়। জেট এয়ারের একটি ফ্লাইটে করে তারা ঢাকা আসেন বলে সূত্র নিশ্চিত করে।
সূত্র জানায়, শাহ আলম বাহাদুর রেডিয়েন্ট কর্পোরেশন নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক। তারই আমন্ত্রণে ঢাকায় ওয়েস্টিন হোটেলে গায়েহলুদ অনুষ্ঠানে গান গাইতে আসছেন সনু নিগম ও তার দল। কলকাতায় বাংলাদেশ হাই কমিশন থেকে এই সফরের লক্ষ্যে গত ৪ জানুয়ারি শিল্পী ও তার কলাকুশলীসহ ১৯ জনকে টুরিস্ট ভিসা দেওয়া হয়েছে বলেও সূত্র বাংলানিউজকে নিশ্চিত করে।
তবে এ সফরের জন্য সনু নিগম ও তার দল সরকারি নিয়মানুযায়ী আবেদন করেননি বলেই নিশ্চিত করেছে সূত্রটি।
গায়ে হলুদ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সনু নিগমকে ৪৮ লাখ টাকা (৩০ লাখ ভারতীয় রূপি) সম্মানী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ী শাহ আলম বাহাদুর।
সরকারি নিয়মে এই সম্মানীর ওপর ২৫% হারে উৎসে কর দেওয়ার কথা। যার পরিমাণ ১২ লাখ টাকা। সংশ্লিষ্ট বিভাগগুলো মনে করছে স্রেফ আয়কর ফাঁকি দিতেই নিয়মবহির্ভূত পথে এই সফর করছেন ভারতীয় এই শিল্পী।
এর আগে সুন নিগম গত দুই মাসের মধ্যে বাংলাদেশে ৩টি কনসার্টে অংশ নেন। এর মধ্যে ৯ নভেম্বর রাজধানীর গুলশান ক্লাবে, ২০ ডিসেম্বর চট্রগ্রাম ক্লাবে এবং ২৮ ডিসেম্বর এশিয়াটিক আয়োজিত গ্রামীণ ফোনের কাস্টমার নাইট সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি।
ভারতের পাশাপাশি বাংলাদেশেও সনু নিগম একজন জনপ্রিয় শিল্পী। তবে এখন গায়েহলুদের মতো ছোটখাটো অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। কেবলমাত্র বেশি সম্মানী পাওয়ার কারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এমন শিল্পী অতি সাধারণ মানের পারিবারিক অনুষ্ঠানগুলোতে অংশ নিচ্ছেন।
তবে এসব অনুষ্ঠানে অংশ নিয়ে সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়ার বিষয়টি উদ্বেগের।
বিষয়টি নিয়ে আয়কর বিভাগে যোগাযোগ করা হলে সেখানকার একটি সূত্র নিশ্চিত করেছে সনু নিগমের এই সফর উপলক্ষে কোনো ধরনের যোগাযোগ সেখানে করা হয়নি।
তবে সূত্রটি জানায়, গত ২৮ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে ৪৫ লাখ টাকা (৫৬ হাজার মার্কিন ডলার) সম্মানি নেন সনু নিগম। ওই সম্মানীর বিপরীতে আয়কর বাবদ ১১,৩৭,৫০০/- টাকা আয়কর বিভাগে অগ্রিম জমা দেয় আয়োজক এশিয়াটিক ইভেন্টস মার্কেটিং লিঃ।
বাকি দুটি সফরে পাওয়া সম্মানির উৎসে কর জমা দেওয়া হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৩
সম্পাদনা: এমএমকে, জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর