ঢাকা: স্থানীয় আদালতের নির্দেশে বিশ্বখ্যাত অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জন্য নির্মিত প্রমোদতরীটি জব্দ করেছে আমস্টারডাম পুলিশ।
আমস্টারডাম ডক থেকে প্রমোদতরীটিকে না সরানোর জন্য জবস পরিবারের প্রতি নির্দেশ দিয়েছে আদালত।
ফিলিপ স্টার্ক নামে এক ব্যক্তির করা ক্ষতিপূরণ মামলার বিপরীতে গতকাল বৃহস্পতিবার আমস্টারডাম আদালত এ আদেশ দেয়।
উল্লেখ্য, বিখ্যাত আমস্টারডাম ডকে নির্মাণ করা হয়েছে ঐ প্রমোদতরীটি। আর ভেনাস নামের প্রমোদতরীটির নকশা প্রণয়নে স্টিভ জবসকে সাহায্য করেছিলেন ফিলিপ স্টার্ক।
স্টার্কের অভিযোগ, জাহাজটির মোট নির্মাণ ব্যয়ের ৬ শতাংশ হিসেবে প্রায় এক কোটি ইউরো পাওয়ার কথা ছিলো তার। জাহাজটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫ কোটি ইউরো, কিন্তু তাকে সম্মানী হিসেবে ৬০ লাখ ইউরো দেওয়া হয়েছে।
অপরদিকে জবস পরিবার বলেছে, সত্যি কথা হলো ভেনাস নির্মাণে ১০.৫ কোটি ইউরো খরচ হয়েছে। সেই হিসেবে প্রাপ্য সম্মানীই পেয়েছেন স্টার্ক।
বাংলাদেশ সময় : ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
সম্পাদনা : সুমন পাল, নিউজরুম এডিটর