চট্টগ্রাম: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, বাবুল জলদাসের ঢোলের বোল, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, আলোচনা, আবৃত্তি, নাটক মঞ্চায়নসহ নানা আয়োজেনে শুরুর দিনেই জমজমাট হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের নাট্যোৎসব।
শুক্রবার বিকেলে এমএম আলী সড়কের জেলা শিল্পকলা একাডেমীজুড়ে প্যান্টোমাইম আয়োজিত উৎসবে বসেছিল নানা শ্রেণি ও পেশার মানুষের মেলা।
মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন গণায়ন নাট্য সম্প্রদায়ের দলপ্রধান অধ্যাপক ম সাইফুল আলম চৌধুরী, কবি আলম খোরশেদ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল।
‘মা, মাটি, মাতৃভাষা নাট্যে জানাই ভালোবাসা’ শীর্ষক উৎসবের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের পক্ষে বক্তব্য দেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক এমএ চৌধুরী।
বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়গুলো নিখুঁতভাবে উঠে এসেছে অগণিত মঞ্চায়নে। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধে জাতির আত্মত্যাগ, বাঙালির অবিস্মরণীয় ভূমিকা, প্রাণপণ লড়াই, মাথা নত না করার ইতিহাস তুলে ধরতে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
উদ্বোধনী দিন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্যান্টোমাইম মুভমেন্ট মঞ্চস্থ করে রিজোয়ান রাজনের রচনা ও নির্দেশনায় ‘ফ্রিডম’ এবং রাজ ঘোষের রচনা ও নির্দেশনায় ‘দি বর্ডার’।
বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন ও ইয়াং থিয়েটার প্লাটফর্মের সহযোগিতায় উৎসবের দ্বিতীয় দিন (শনিবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকবে অনাদিকল্প প্রযোজনা ‘১৯৭১’। হুমায়ূন আহমেদ রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন মাসউদুর রহমান।
উৎসবের সমাপনী দিন থাকবে আলোর খোঁজ’র পরিবেশনা ‘কবর’। মুনির চৌধুরী রচিত এ নাটকের নির্দেশনায় আছেন ইফতেখার আহমদ সায়মন। এরপর রাত ৮টা ৩০ মিনিটে সমাপনী অনুষ্ঠানে অতিথি থাকবেন নাট্যজন-সাংবাদিক প্রদীপ দেওয়ানজী। বিশেষ আয়োজন থাকবে ‘ভাঙা হাটের মেলা’।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
এআরএম/টিসি