 |
কলম্বো: পাকিস্তানের জন্য ওয়ানডে সিরিজ কঠিন করে দিলো শ্রীলঙ্কা। চতুর্থ ওয়ানডেতে সফরকারীদের ৪৪ রানে হারিয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেলো স্বাগতিকরা।
শ্রীলঙ্কা: ২৪৩/৮ (৫০ ওভার)
পাকিস্তান: ১৯৯/১০ (৪৫ ওভার)
ফল: শ্রীলঙ্কা ৪৪ রানে জয়ী
দেশের মাঠে খেলা হলে যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠে শ্রীলঙ্কা। প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের জন্য সিংহ রূপে আর্বিভূত হয়ে স্বাগতিক দল আট উইকেটে তোলে ২৪৩ রান। তাতে কুমার সাঙ্গাকারার ৯৭ রানের ইনিংসও আছে। ১৩০ বলে সাতটি চার ও তিনটি ছয়ের মারে ওই রান তোলার পর সাঈদ আজমলের বলে আজহার আলীর হাতে ক্যাচ দিয়ে, তিন রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। তার পার্টনার মাহেলা ৪০ রান করেছেন। ৯০ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ জুটিতে সাঙ্গাকারা ও মাহেলার ব্যাট থেকে আসে ১১০ রান। ওই রানই মূলত শ্রীলঙ্কার ইনিংসের ভিত তৈরি করে দেয়।
জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই ওপেনিং জুটি ভাঙ্গে পাকিস্তানের। দ্বিতীয় জুটিতে আসে ৫৩ রান। সেখান থেকে আজহার আলী ও মিসবাহ উল হকের তৃতীয় উইকেট জুটিতে আসে ১১৩ রান। অধিনায়ক মিসবাহ ৫৩ রানে ফিরে যাওয়ার পরও উইকেট আগলে রাখলেন আজহার। কিন্তু থিসারা পেরেরা একের পর এক উইকেট নিয়ে ইনিংস ধ্বসিয়ে দিতে থাকেন। ১০ ওভারে ৪২ রান দিয়ে চার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার পেরেরা। আজহার ৮১ রানে অপরাজিত থাকলেও পাকিস্তান ৪৫ ওভারে ১৯৯ রানে অল-আউট হয়।
অলরাউন্ড পারফরমেন্স দিয়ে এদিনও ম্যাচ সেরার পুরস্কার জেতেন পেরেরা। চার উইকেট শিকার করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, জুন ১৭, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর