চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গা থেকে প্রায় সাড়ে ৬শ বোতল ফেনসিডিলসহ মো. রুবেল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
র্যাবের চট্টগ্রাম জোনের এএসপি এস এম নূরুল হুদা বাংলানিউজকে জানান, মাদক ব্যবসায়ী রুবেল গোসাইলডাঙ্গা এলাকায় আইয়ূব ট্রেড সেন্টারের সামনে একটি চায়ের দোকানে ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছিল।
খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে র্যাবের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রুবেলকে আটক করেন। এরপর তার কাছ থেকে র্যাব সদস্যরা ৬’শ ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
রুবেল কুমিল্লা সদর উপজেলার মতনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তার বিরুদ্ধে নগরীর বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে এস এম নূরুল হুদা জানান।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
আরডিজি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর