ঢাকা: সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে রোববার রাজধানী দামেস্কের আল-হামাদ মসজিদে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন থেকে জানানো হয়েছে।
গত মাসে দামেস্কে ভয়াবহ হামলায় কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হওয়ার পর এই প্রথম তাকে জনসম্মুখে দেখা গেলো।
প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে মসজিদে নামাজ পড়তে দেখা যায়। এ সময় তিনি বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে করমর্দনও করেন।
চলতি বছরের ৪ জুলাই সংসদে একটি বক্তব্য দেওয়ার পর আর বাসারকে প্রকাশ্যে দেখা যায়নি।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে সিরিয়ায় প্রধান নিরাপত্তা কার্যালয়ে বোমা হামলায় চারজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন।
হামলায় প্রেসিডেন্ট বাসার আল-আসাদের শ্যালক সহকারী প্রতিরক্ষা মন্ত্রী আসিফ শওকতও মারা যান।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর