৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১০:২১ এএম BDST banglanew24
Breaking
» দমকলের ৫ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে   » সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন   
17 Aug 2012   12:06:57 PM   Friday BdST
E-mail this

পুঁজিবাজার বিপর্যয়: বিনিয়োগকারীদের ঈদ আনন্দ নেই


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দীর্ঘ ১৯ মাস ধরে পুঁজিবাজারে মন্দা বিরাজ করছে। যার সূচনা হয় ধস দিয়ে। এরপর দুটি ঈদ পার হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মনে আনন্দ ছিল না।

আগের ঈদগুলোর মতো এ ঈদেও খুশির আমেজ নেই তাদের মনে। মা-বাবা, ছেলে-সন্তান, স্ত্রী ও আত্মীয়-স্বজনদের কিছু না দেওয়ার বেদনায় ঈদ আনন্দ ভেস্তে যেতে বসেছে তাদের।

এছাড়া পুঁজিবাজার ধসের ফলে কেউ হারিয়েছেন বাবা। কেউ বা স্বামী আবার কারোর সন্তান। প্রিয়জনের মুখচ্ছবি চোখের সামনে ভেসে উঠলেই অশ্রুসিক্ত হচ্ছেন তারা। হারিয়ে যাওয়াদের আনন্দ-বেদনার স্মৃতিচারণ করে ভেজা চোখে ঈদের দিনটি কাটবে তাদের।

গত ৩০ জানুয়ারি কাজী লিয়াকত আলী যুবরাজ (৪০) তার রাজধানীর গোপীবাগের জিয়া মাঠ সংলগ্ন ৬৪/জে/৬ ভবনের পঞ্চম তলার নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খবর নিয়ে জানা যায়, লিয়াকত আলীর মেয়ে মনীষা বাবার অভাবের মধ্য দিয়েই বড় হচ্ছে। সে এখনও আশা করে বাবা ঈদে তার জন্য নতুন জামা কিনে নিয়ে আসবেন। বাবার কাছ থেকে সে অনেকগুলো নতুন টাকা পাবে। ঈদের দিনে তার বাবার সঙ্গে ঘুরতে বের হবে। কারণ মনিষা ছিল তার বাবার খুবই আদরের সন্তান।

লিয়াকত আলীর শ্বশুর সামছুল হক মল্লিক ফোনে জানান, দীর্ঘশ্বাস ছাড়া কিছু নেই। আমাদের কথা লিখে আর কী হবে। তিনি বলেন, এসব জিজ্ঞাসা করলে আরও কষ্ট বাড়ে।

তিনি আরও জানান সেসময় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা এসে সহযোগিতার আশ্বাস দিলেও পরে আর কোনো খোঁজ রাখেননি। তবে যারা বেঁচে নেই তাদের অবস্থা যে মৃত্যু যন্ত্রণার চেয়ে ভালো তা বলার কোনো উপায় নেই।

আগে যে বাবা ছেলে-মেয়ের জন্য ঈদে অনেক কেনাকাটা করতেন, এবার তিনি হয়তো সন্তানদের কিছুই দিতে পারবেন না। মমতাময়ী মায়ের জন্য কেনা হবে না কাপড়, বাবার পাঞ্জাবি। আর প্রিময়তম স্ত্রীর জন্য হলুদ রঙে শাড়ি।

পুঁজি হারানো বিনিয়োগকারীরা ক্ষোভ ও হতামায় ক্রমেই ঝিমিয়ে পড়ছে। এখন তারা নিজেদের অসহায়ত্বের কথাও প্রকাশ করতে চান না। বলেন, ‘অনেক আশা নিয়ে এক সময় টাকা হারানোর দুঃখের কথা বলতাম আপনাদের। কিন্তু, এর কোনো ফল পাইনি। উল্টো একের পর এক ধস আমাদের ধংস করে দিয়েছে। সামাজিক-পারিবারিক সব সম্মান খুইয়েছি।’

ঈদের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সোহাগ সরদার নামে এক বিনিয়োগকারী বাংলানিউজকে বলেন, ‘ভাই আগে ভালোই ঈদ কাটতো। এখন যে অবস্থা, তাতে ঈদ বলতে কিছু আছে বলে মনে হয় না। যেই হাউজে ট্রেড করতাম সেখান থেকে প্রতিনিয়ত টাকা সম্বয় করার তাড়া দিচ্ছে। যেখানে আমার কয়েক লাখ টাকা আটকে আছে, সেখানে নতুন করে টাকা দেওয়া অসম্ভব। এখন চিন্তা, যদি সব শেয়ার বিক্রি করে দেয় তাহলে আমি পথের ফকির হয়ে যাব। তাই ঈদের কথা আমার মাথাতেই আসে না।’

সম্প্রতি বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ আক্ষেপ করে একটি মার্চেন্ট ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাকে বলছিলেন, ভাই আরতো পারছি না। এখন কী করবো? টাকা পয়সা যা কিছু ছিল শেষ হয়ে গেছে। এখন একটা চাকরি দেন।

এভাবেই ভেঙ্গে পড়ছেন বিনিয়োগকারী নেতারা। তারা ঈদ তাদের জন্য আর কোনো বিশেষত্ব নিয়ে আসছে না। আসছে একবুক বেদনা নিয়ে। এমনই হাজার হাজার পরিবার বিভিন্নভাবে নিঃস্ব হয়েছেন পুঁজিবাজারে। তাদের প্রায় সবার এক অবস্থা।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
এইচএমএম/সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান