লন্ডন: ব্রিটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযুদ্ধ বিষয়ক ইংরেজী গ্রন্থ ‘মাই জার্নি’র লেখক এম লোকমান ইন্তেকাল করেছেন (ইন্না----রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
সোমবার দিবাগত রাত ১১টায় ব্রিটেনের কলচেস্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
বুধবার বাদ জোহর জানাজা শেষে স্থানীয় মুসলিম কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
সিলেট শহরের আম্বরখানার বাসিন্দা এম লোকমান ১৯৫৮ সালে উচ্চশিক্ষার জন্যে ব্রিটেন আসেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত তসদ্দুক আহমদের সঙ্গে বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
উল্লেখ্য, এম লোকমান সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশফাক আহমদের বড় ভাই।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৩
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর; এনএস